‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর বিজয়ী হলেন বাংলার মেয়ে, জিতে নিলেন ২৫ লক্ষ টাকা !

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর বিজয়ীর নাম ঘোষণা করা হল, আর সেই মুকুট উঠল বাংলার মেয়ে মানসী ঘোষের (Manasi Ghosh) মাথায়। শুধু খেতাব আর ট্রফিই নয়, সেরার পুরস্কার হিসেবে মানসী জিতে নিলেন ২৫ লক্ষ টাকার মোটা অঙ্কের অর্থ।

দীর্ঘ কয়েক মাসের সঙ্গীত, জাদু এবং আবেগময় মুহূর্তের পর শুভ্রজিৎ চক্রবর্তী এবং স্নেহা শঙ্করকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করলেন মানসী। শুভ্রজিৎ দ্বিতীয় এবং স্নেহা তৃতীয় স্থান লাভ করেছেন। সোনি টিভির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই সুখবরটি জানানো হয়েছে। মানসীর একটি মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কয়েক সপ্তাহের মিউজিক, ম্যাজিক এবং মুহূর্তের পর – মানসী শুধু একটি শিরোপা জেতেনি, ও লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতেছে।’

জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানসী জানিয়েছেন, এখনও যেন তিনি ঘোর কাটাতে পারেননি। এর আগে মানসী ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। ‘ইন্ডিয়ান আইডল’-এর মতো বড় মঞ্চে জয়ী হওয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মানসী বলেন, ‘আমার পরিবারের সকলে এখানে ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল। কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটাই আমি প্রথমে বুঝতে পারিনি। তবে আমরা সকলেই ভীষণ খুশি। জীবনটা যেন এক মুহূর্তে বদলে গেল। এটা একটা জাতীয় মঞ্চ, তাই আমি চারিদিক থেকে এত ভালোবাসা এবং আশীর্বাদ পাচ্ছি।’

পুরস্কারের অর্থ তিনি কীভাবে ব্যবহার করবেন, সেই পরিকল্পনাও জানিয়েছেন মানসী। তিনি বলেন, ‘আমি পুরস্কারের অর্থ থেকে কিছু পরিমাণ আমার স্বাধীন সঙ্গীতের জন্য ব্যবহার করতে চাই এবং অবশ্যই একটি গাড়ি কিনতে চাই।’ গ্র্যান্ড ফিনালের আগে মানসীর সঙ্গে তাঁর বাবা-মায়ের একটি আবেগঘন মুহূর্তের ভিডিও দেখানো হয়েছিল। সেখানে মানসীর বাবা-মা জানিয়েছিলেন, কঠিন সময়ে মানসী কীভাবে সংসারের হাল ধরেছিলেন। তাঁরা আরও জানান, মানসী তাঁদের অনেকগুলো বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন আদিত্য নারায়ণ এবং বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশাহ। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিকা সিং, শিল্পা শেট্টি এবং রবিনা টন্ডন। বাংলার বহু তারকাও মানসীকে এই ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মানসীর এই অভাবনীয় সাফল্যে গোটা বাংলা জুড়ে আনন্দের ঢেউ উঠেছে।