মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনে ভয়াবহ ‘অগ্নিকান্ড’, দমকল কর্মীদের সহায়তায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি !

মধ্যপ্রদেশে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল যাত্রীরা। রবিবার উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে একটি চলন্ত ট্রেনে আচমকা আগুন লেগে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে, বিলাসপুর থেকে বিকানেরগামী একটি ট্রেনের জেনারেটর কোচে রবিবার দুপুরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় জেনারেটর কোচ এবং তার পার্শ্ববর্তী কামরাগুলি। আগুনের ধোঁয়া অন্যান্য কোচগুলিতেও ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণের ভয়ে যাত্রীরা দরজার দিকে ছুটে যান এবং হুড়োহুড়ি শুরু করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুততার সঙ্গে জেনারেটর কোচটিকে অন্যান্য বগি থেকে আলাদা করা হয়। এরপর দমকল কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। তারানা স্টেশনের স্টেশন মাস্টার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। তবে ঠিক কীভাবে জেনারেটর কোচে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, রেল কর্মীদের তৎপরতার ফলেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই ট্রেনে করে নিরাপদে যাত্রীদের গন্তব্যে রওনা করানো হয়েছে। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হয়েছে।