“শ’য়ে শ’য়ে DJ Box বাজেয়াপ্ত করল পুলিশ”-রামনবমীর আগেই পুলিশ-প্রশাসনের বড় পদক্ষেপ

ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটি থানায় ডিজে বক্স বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উৎসবের প্রস্তুতি বৈঠকেও পুলিশ এই বার্তা স্পষ্টভাবে জানিয়েছিল। এবার রামনবমীর আগে সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও কঠোর হল জেলা প্রশাসন। শনিবার, ৫ এপ্রিল, কালীপুজোর মণ্ডপে অভিযান চালিয়ে শতাধিক ডিজে বক্স আটক করেছে পুলিশ।
সকাল থেকেই মগরাহাট, উস্তি ও ডায়মন্ড হারবার থানা এলাকায় একাধিক কালীপুজোর মণ্ডপে তল্লাশি চালায় পুলিশ। এই অভিযানে একশোরও বেশি ডিজে বক্স আটক করা হয়।
ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে এই প্রসঙ্গে জানান, “ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনও উৎসবেই শব্দ তাণ্ডব বরদাস্ত করা হবে না। এলাকায় কড়া নজরদারি চলছে এবং তা অব্যাহত থাকবে।”
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবার এক অভিনব পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে আরও জানান, “ডিজে বক্সের পরিবর্তে প্রতিটি পুজো মণ্ডপে দুটি করে বক্স জোগাড় করে দিচ্ছে পুলিশ। এর ফলে শব্দ নিয়ন্ত্রণে থাকবে এবং উৎসব পালনেও কোনও সমস্যা হবে না।”
রবিবার রামনবমী উৎসবের আগে কালীপুজোর মণ্ডপ থেকে ডিজে বক্স আটক করে পুলিশ মিছিল উদ্যোক্তাদের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে রামনবমীর মিছিলে কোনওভাবেই ডিজে বক্স অথবা অস্ত্র নিয়ে হাঁটতে দেওয়া হবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করে, তাহলে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ডায়মন্ড হারবারে ডিজে বক্স বাজানো নিয়ে দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। তা সত্ত্বেও কিছু এলাকায় নিয়ম ভেঙে ডিজে ব্যবহার করা হচ্ছিল। এবার কালীপুজোর মণ্ডপ থেকেই ডিজে আটক করে পুলিশ স্পষ্ট করে দিল যে রামনবমীর ক্ষেত্রেও একই নিয়ম কঠোরভাবে মানা হবে। উৎসবের নামে কোনওরকম শব্দদূষণ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।