OMG! ড্রোনে চেপে আকাশপথে ঘুরবে মানুষ?- অবাক করা যন্ত্র আবিষ্কার করলো গ্রামের ছেলে ছোটন

লোহার পাত দিয়ে তৈরি ড্রোনের কাঠামো, চারদিকে চারটি দ্রুতগতির পাখার ব্লেড, সাইকেলের হ্যান্ডেল দিয়ে তৈরি স্টিয়ারিং—ব্যাটারি চালিত এই অভিনব ড্রোনে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাওয়াও সম্ভব। দুর্গাপুরের ধুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন ঘোষ এমন এক মানববহনকারী ড্রোন তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

ছোটন ইতিমধ্যেই দামোদরের চরের উপর এই লোহার পাতের ড্রোন উড়িয়ে প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করেছেন। জানা গিয়েছে, ড্রোনটিতে সাড়ে তিন হাজার আরএমপির মোটর বসানো হয়েছে, যা পাখাগুলিকে ঘোরাতে সাহায্য করবে। মোটর চালু করার জন্য রয়েছে ২৪ ভোল্টের ব্যাটারি। ড্রোনের মাঝখানে একজন ব্যক্তির বসার স্থান রয়েছে। সাইকেলের হ্যান্ডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে স্টিয়ারিং, যার মাঝে রয়েছে পিকআপ বাড়ানোর জন্য অ্যাক্সিলারেটর, যা ডানদিক-বাঁদিকে ঘোরানো যাবে। কিন্তু হঠাৎ কেন মানববহনকারী ড্রোন তৈরির ভাবনা এল ছোটনের মাথায়?

দুর্গাপুরের বাসিন্দা ছোটন ঘোষ বলেন, “রাস্তায় যানজট থাকলে খুব অসুবিধা হয়। আকাশপথে উড়লে যানজট এড়ানো সম্ভব। আমার আকাশে ওড়ার তীব্র আকাঙ্ক্ষা। তাই এই ড্রোন তৈরি করেছি। দামোদর চরে প্রথমবার ওড়ানো হল। এই ড্রোন একজন চালককে বসিয়ে প্রায় ৮ ফুট উপরে উড়তে পারবে। একবার চার্জ দিলে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। ড্রোনটি আরও উড়িয়ে পরীক্ষা করে উন্নত করা হবে।” পেশায় ফুলের কাজ করা ছোটন মাধ্যমিকের পরই বাবার সঙ্গে গ্যারেজে কাজ শুরু করেন। কয়েক বছর আগে ১০ আসনের সৌরবিদ্যুৎ চালিত বাইক তৈরি করে এর আগেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

শুধু তাই নয়, বিজ্ঞানীদের প্রতি সম্মান জানাতে ছোটন প্লাস্টিকের বোতল দিয়ে একটি চন্দ্রযানও তৈরি করেছিলেন। মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত সেই কৃত্রিম চন্দ্রযান প্রায় ৪০ ফুট উপরে উড়তে সক্ষম হয়েছিল। এবার মানববহনকারী ড্রোন তৈরি করে দুর্গাপুরের ধুবচুড়িয়া গ্রামের এই যুবক নতুন করে নজির সৃষ্টি করলেন। তার এই উদ্ভাবনী ক্ষমতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে।