রাম নবমীর আগেই অস্ত্র মিছিল হাওড়ায়, কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ-প্রশাসন

রবিবার রামনবমী। তার ঠিক একদিন আগে শনিবার হাওড়ার সাঁকরাইলে দেখা গেল অস্ত্র মিছিল। কয়েকশো মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। ডিজে বাজিয়ে গান নাচের মধ্যে দিয়ে রামচন্দ্রের মূর্তি নিয়ে আসা হয়। মিছিলের অনেকের হাতেই দেখা গিয়েছে তরোয়াল ও ত্রিশূলের মতো অস্ত্র। বেশ কয়েকজন যুবককে আবার অস্ত্র হাতে খেলা দেখাতেও দেখা যায়।

পুলিশ সূত্রে খবর, এই মিছিলের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই মিছিলের উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে মিছিলের উদ্যোক্তাদের দাবি, রামনবমীর আগে অস্ত্র মিছিল করা একটি দীর্ঘদিনের প্রথা।

জানা গিয়েছে, সাঁকরাইলের মানিকপুরের রাজগঞ্জ এলাকায় এই অস্ত্র হাতে মিছিলটি হয়। বহু মানুষ শনিবার দুপুরে রাজগঞ্জ থেকে শোভাযাত্রা করে ঘোড়ায় টানা রথে চাপিয়ে রামচন্দ্রের মূর্তি আনতে যান। মানিকপুর গ্রামে রবিবার রাম নবমীর পুজোর আয়োজন করেছে সিংহবাহিনী নামের একটি হিন্দু সংগঠন।

রামচন্দ্রের মূর্তি নিয়ে শোভাযাত্রা করার সময় বহু মানুষের হাতেই তরোয়াল, ত্রিশূল, কাটারি, দা, হাঁসুয়ার মতো ধারালো অস্ত্র দেখা যায়। ডিজে গানের তালে তালে মহিলা, নাবালক এবং শিশুরাও মিছিলে অংশ নিয়ে নাচতে দেখা যায়। মিছিলে সাধু সন্তদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অস্ত্র হাতে মিছিল করার কারণ জিজ্ঞাসা করা হলে উদ্যোক্তারা জানান, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা একটি প্রথা। প্রতি বছরই রামনবমীর আগের দিন এই ধরনের মিছিল হয়ে থাকে এবং এবারেও তার ব্যতিক্রম হয়নি।

এই শোভাযাত্রাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা দেখা যায়। একাধিক আইপিএস অফিসার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। যদিও হাওড়া পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, সাঁকরাইলের রাম নবমীর আয়োজকদের অস্ত্র নিয়ে মিছিল করার কোনও অনুমতি দেওয়া হয়নি। অস্ত্র প্রদর্শন করার জন্য উদ্যোক্তাদের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ নিতে পারে। এখন দেখার বিষয়, পুলিশের তরফ থেকে এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়।