রণবীর স্বামী হিসেবে ভালো, সাইফ আলী খানকে নিয়ে আক্ষেপ স্ত্রী কারিনার!

বলিউডের ‘চকোলেট বয়’ খ্যাত রণবীর কাপুর একসময় একাধিক সম্পর্কে জড়িয়েছেন, যা নিয়ে ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়নি। তবে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর সেই অতীতকে পিছনে ফেলে একজন দায়িত্বশীল স্বামী ও ভালো বাবা হিসেবে নিজেকে নতুন করে প্রমাণ করতে চান অভিনেতা।
সম্প্রতি, কারিনা কাপুরের একটি টক শো-তে এসে রণবীর নিজের এই পরিবর্তনের কথা জানান। সেই অনুষ্ঠানেই ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন রণবীর ও কারিনা। রণবীরের কথা শুনে কারিনাও তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন এবং স্বামী সাইফ আলি খানকে নিয়ে একটি মজার আক্ষেপ প্রকাশ করেন। কারিনা জানান, সাইফ আলি খান নাকি একটি রাতও তার সঙ্গে হাসপাতালে কাটাননি!
অনুষ্ঠানে রণবীর তার পিতৃত্বের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলাম এবং সেই সময়টা আমার খুব ভালো লেগেছে। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাসের ছুটি নিয়েছিলাম। রাহাকে পৃথিবীতে আনার পর প্রথম এক সপ্তাহ আমি ওর (আলিয়া) সঙ্গেই হাসপাতালে ছিলাম।’
রণবীরের এই কথা শুনে তার অনুরাগীরাও বেশ মুগ্ধ হয়েছিলেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন, ‘বিয়ের পরে রণবীর সত্যিই অনেক বদলে গেছেন।’
রণবীরের এই দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন কারিনা কাপুর খান। তবে প্রশংসা করার পাশাপাশি নিজের স্বামী সাইফ আলি খানকে নিয়ে একটি মজার আক্ষেপও করেন তিনি। কারিনা বলেন, ‘তার মানে তুমি একজন স্বামী হিসেবে সত্যিই খুব ভালো। অথচ সাইফকে দেখো, আমার দুটি সন্তান হওয়ার সময়ও একটি রাতও ও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি!’ কারিনার এই মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম সন্তান রাহা কাপুরের জন্ম হয়। একই বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের বর্তমানে দুই সন্তান – তৈমুর আলি খান, যার জন্ম ২০১৬ সালের ডিসেম্বরে, এবং জেহ আলি খান, যে ২০২১ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে। কারিনার এই হালকা চালে করা মন্তব্যে তাদের ব্যক্তিগত রসায়নও ফুটে ওঠে।