BigNews: নেপালে জোরালো ভূমিকম্প, কেঁপে উঠলো উত্তর ভারতও

শুক্রবার সন্ধ্যায় ফের কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.০। নেপালের পাশাপাশি উত্তর ভারতের কিছু অংশেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড়েও একই সময়ে কম্পন অনুভূত হয়েছে। সেখানেও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের তালেঙ্গাউয়ের কাছাকাছি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এর আগে বৃহস্পতিবার মহারাষ্ট্রের সোলাপুর জেলায় ২.৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।
উল্লেখ্য, কয়েক দিন আগেই মায়ানমার এবং থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। বৃহস্পতিবার মায়ানমারের সামরিক সরকার জানায়, ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০৮৫ জনে। এছাড়াও ৪,৭১৫ জন আহত হয়েছেন এবং এখনও ৩৪১ জন নিখোঁজ রয়েছেন।