‘সিকান্দার’-এর ভরাডুবি, বলিউডে তবে কি একেবারেই ব্যর্থ হলেন সালমান?

ঈদ মানেই সলমন খানের নতুন ছবি – বলিউডে এই অলিখিত প্রথা দীর্ঘদিনের। সেই ধারা বজায় রেখে এবারেও মুক্তি পেয়েছিল সলমন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’। দু’বছর পর ভাইজানকে বড় পর্দায় দেখার জন্য দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। ছবির পোস্টার প্রকাশের পর থেকেই সলমন ভক্তরা দিন গুনতে শুরু করেছিলেন। তবে মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল এই ছবি।
বিষয়টি নিয়ে হতাশ খোদ সলমন খানও। সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রির কাছ থেকে বড় সাহায্যের প্রয়োজনীয়তার কথাও প্রকাশ করেছেন। তবে কি সত্যিই বক্স অফিসে ব্যর্থ ‘সিকান্দার’?
মুক্তির চার দিনের পরিসংখ্যান অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। প্রথম দিন (রবিবার) ‘সিকান্দার’-এর আয় ছিল ২৬ কোটি টাকা। ঈদের দিন (সোমবার) সামান্য বাড়লেও (২৯ কোটি টাকা), পরবর্তী দুই দিন আয়ের গ্রাফ রীতিমতো নিম্নমুখী। মঙ্গলবার (তৃতীয় দিন) ছবির আয় নেমে আসে ১৯.৫০ কোটিতে এবং চতুর্থ দিন (বুধবার) তা আরও কমে দাঁড়ায় মাত্র ৯.৭৫ কোটিতে। এই চার দিনে ‘সিকান্দার’-এর মোট আয় ৮৪.২৫ কোটি রুপি। যেখানে ছবিটির বাজেট ২০০ কোটিরও বেশি, সেখানে এই আয় স্পষ্টতই হতাশাজনক। সলমনের আগের ছবি ‘টাইগার ৩’-এর প্রথম সপ্তাহান্তের ১৪৮.৫০ কোটির আয়ের সঙ্গে তুলনা করলে ‘সিকান্দার’-এর এই দুর্দশা আরও প্রকট হয়ে ওঠে।
এ আর মুরুগাদস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই অ্যাকশন-ড্রামা ছবিতে সলমনের সঙ্গে দেখা গিয়েছিল রাশমিকা মান্দানা এবং দক্ষিণী অভিনেতা সত্যরাজকে। ছবিতে অ্যাকশন, ইমোশন, রোমান্স – সব কিছুই ছিল। তবুও কেন ছবিটি দর্শক টানতে ব্যর্থ হল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। ঈদ উৎসবের আবহেও ‘সিকান্দার’-এর এই হতাশাজনক পারফরম্যান্স বলিউডের অন্দরমহলেও উদ্বেগের সৃষ্টি করেছে।