“ঐশ্বরিয়া শুধুমাত্র ছেলের বউ, নিজের মেয়ে নয়”-ফের ভাইরাল জয়া বচ্চনের মন্তব্য

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার সর্বদাই ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। গত বছরগুলোতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা যেমন তুঙ্গে ছিল, তেমনই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়েও নানা গুঞ্জন শোনা গেছে।

সম্প্রতি, জয়া বচ্চনের একটি পুরনো মন্তব্য ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একটি পুরনো সাক্ষাৎকারে জয়া বচ্চনকে তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে জয়া এমন কথা বলেছিলেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

সাক্ষাৎকারে জয়া বচ্চনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যেমন তাঁর সন্তানদের ব্যাপারে কঠোর, তেমনই কি পুত্রবধূ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও একই রকম কঠোর? উত্তরে জয়া বচ্চন বলেছিলেন, ‘কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বৌমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।’

জয়া বচ্চনের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন শাশুড়ি কি কখনো তাঁর পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভাবতে পারেন না? সম্পর্কের মধ্যেও কি এত সীমারেখা থাকা উচিত? কেউ কেউ আবার সরাসরি লিখেছেন, ‘এত বছর একসঙ্গে থেকেও এই দূরত্ব! খুবই হতাশাজনক।’

জয়া বচ্চন বরাবরই তাঁর স্পষ্টবাদী এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। তবে ঐশ্বরিয়াকে নিয়ে করা এই মন্তব্য অনেককেই হতাশ করেছে। বচ্চন পরিবারের অন্দরমহলের এই পুরনো কথা ফের একবার জনসমক্ষে আসায় ভক্তদের মধ্যে আলোচনা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অনেকেই মনে করছেন, জয়া বচ্চনের এই মন্তব্যে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতাই যেন আরও একবার প্রকট হল।