যোগ্য-অযোগ্য বাছাই করা অসম্ভব, ২০১৬ সালের গোটা SSC-প্যানেল বাতিল সুপ্রিম কোর্টে, চাকরি বহাল কার?

কারা যোগ্য এবং কারা অযোগ্য – এই জটিলতা নিরসনে অপারগতা প্রকাশ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, দেশের সর্বোচ্চ আদালত ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগের গোটা প্যানেল বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল। এর ফলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হল।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না।’ তবে, এই ব্যাপক বাতিলের মধ্যেও ব্যতিক্রম রইলেন সোমা দাস। মানবিক দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে।
সোমা দাস ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এর মধ্যেই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস কঠিন পরিস্থিতিতেও হার মানেননি। অসুস্থতা নিয়েও চাকরির দাবিতে কলকাতার রাজপথে দিনের পর দিন ধরনায় সামিল হয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ২৬ হাজারেরও বেশি চাকরি বাতিল হয়। তবে, সেই সময়ও আদালতের মানবিক বিবেচনায় বহাল ছিল সোমা দাসের চাকরি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। এদিন শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রাখলেও, মানবিক কারণে সোমা দাসের চাকরি অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।
এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম সংবাদমাধ্যমকে জানান, “আমি শুনেছি সোমা দাস চাকরি করবেন।” সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সোমা দাস ব্যতীত অন্য কোনও বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য কোনও অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে না। তাঁদেরও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং যোগ্যতা প্রমাণ করতে হবে।
সুপ্রিম কোর্টের এই রায় একদিকে যেমন ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির শিকার হওয়া যোগ্য প্রার্থীদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে, তেমনই অন্যদিকে হাজার হাজার চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করল। তবে, সোমা দাসের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত আদালতের মানবিক মুখটিকে আরও একবার সকলের সামনে তুলে ধরল।