চোখে ব্যান্ডেজ প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর! কেন করেছেন চোখে অস্ত্রোপচার? এর সম্পর্কে বিস্তারিত জেনেনিন

চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঙ্গলবার মুম্বইয়ে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার হঠাৎ কী হল, কেন তাঁর চোখে ব্যান্ডেজ—এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনুরাগীদের মনে। অবশেষে নিজেই মুখ খুললেন ধর্মেন্দ্র।
এদিন ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো অভিনেতার চিকিৎসার পরের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, ধর্মেন্দ্র তাঁর চোখের অস্ত্রোপচার নিয়ে কথা বলছেন। তিনি জানান, তাঁর কর্নিয়ায় গ্রাফট প্রতিস্থাপন (Corneal Transplantation) হয়েছে। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে প্রবীণ এই অভিনেতা বলেন, “আমার শরীরে এখনও অনেক শক্তি আছে, আমার বেঁচে থাকার জন্য আরও অনেক কিছু বাকি আছে। আমার চোখে গ্রাফট করা হয়েছে। দর্শকরা আমি আপনাদের ভালোবাসি, আমি আমার বন্ধুদের ভালোবাসি, আমি আমার ভক্তদের ভালোবাসি, আমি শক্তিশালী।”
চোখের অস্ত্রোপচার সত্ত্বেও ধর্মেন্দ্রকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায় এবং তিনি তাঁর স্বাস্থ্যের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।
কেন এই কর্নিয়া প্রতিস্থাপন?
জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে ধর্মেন্দ্রের চোখের কর্নিয়ায় সমস্যা দেখা দিয়েছিল। এই পরিস্থিতিতে দৃষ্টিশক্তি উন্নত করার জন্য কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। বার্ধক্যজনিত অন্যান্য চোখের সমস্যাও এর মাধ্যমে সমাধান করা সম্ভব।
আই গ্রাফট বা কর্নিয়া প্রতিস্থাপন কী?
ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS)-এর তথ্য অনুযায়ী, কর্নিয়া প্রতিস্থাপনের জন্য এটি একটি অস্ত্রোপচার। এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত কর্নিয়ার পুরো অংশ বা কখনও কখনও আংশিক অংশ অপসারণ করে একজন সুস্থ দাতার টিস্যু দিয়ে প্রতিস্থাপন করা হয়। এটিকে কেরাটোপ্লাস্টি বা কর্নিয়া গ্রাফটও বলা হয়।
কর্নিয়ার কাজ কী?
কর্নিয়া হল চোখের সবচেয়ে বাইরের স্বচ্ছ অংশ। এটি চোখে আলো প্রবেশ করতে এবং রেটিনাতে পৌঁছাতে সাহায্য করে। কোনো কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলে আলো সঠিকভাবে ফোকাস করতে পারে না এবং ব্যক্তির দেখতে অসুবিধা হয়। কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি উন্নত করা, ব্যথা কমানো এবং গুরুতর সংক্রমণ বা ক্ষতি থেকে চোখকে রক্ষা করা যায়।
কীভাবে করা হয় আই গ্রাফটিং?
আই গ্রাফটের সময়, সার্জন ক্ষতিগ্রস্ত কর্নিয়ার একটি গোলাকার অংশ সরিয়ে ফেলেন এবং দাতার কর্নিয়া থেকে একই আকারের একটি অংশ নিয়ে প্রতিস্থাপন করেন। এরপর দাতার কর্নিয়া খুব সূক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে সেলাই করা হয়, যা সাধারণত ১-২ বছর পর অপসারণ করা হয়।
কর্নিয়া প্রতিস্থাপনের প্রকারভেদ:
কর্নিয়া প্রতিস্থাপনের প্রধান তিনটি ধরণ রয়েছে:
- পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি (PKP): এই পদ্ধতিতে সম্পূর্ণ কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।
- আংশিক কর্নিয়া প্রতিস্থাপন (Lamellar Keratoplasty – LK): এখানে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত স্তরটি সরিয়ে একটি নতুন স্তর প্রতিস্থাপন করা হয়।
- Descemet stripping endothelial keratoplasty (DMEK): এটি শুধুমাত্র কর্নিয়ার ভেতরের স্তরটি প্রতিস্থাপন করে। ফুচস ডিস্ট্রফির মতো রোগে এটি কার্যকর। ফুচস ডিস্ট্রফি একটি বংশগত রোগ যা কর্নিয়ার ভিতরের স্তরকে প্রভাবিত করে।
সুস্থ হতে কতদিন লাগে?
আই গ্রাফটের পর চোখ সম্পূর্ণরূপে সুস্থ হতে এবং দৃষ্টি স্থিতিশীল হতে কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই সময় দাতার টিস্যু সঠিকভাবে সমন্বিত হওয়ার জন্য চিকিৎসকরা চোখের ড্রপ ব্যবহারের পরামর্শ দেন।
আই গ্রাফটিং-এর খরচ:
ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে আই গ্রাফটিং-এর খরচ ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে, এই খরচ সার্জন, হাসপাতাল এবং শহরের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের এই অস্ত্রোপচার সফল হোক এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কামনা করছেন তাঁর অগুনতি ভক্তরা।