BigNews: সুপ্রিম নির্দেশে চাকরি গেল ২৬ হাজার জনের, বাতিল পুরো প্যানেল

স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত বহুল চর্চিত মামলায় আজ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের পুরো প্যানেল বাতিলের রায়ই বহাল রেখেছে।
আদালত স্পষ্ট জানিয়েছে, যাঁদের চাকরি বাতিল হল, তাঁদের নিয়োগের পর থেকে পাওয়া বেতনের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির কারণেই ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করার যে নির্দেশ দিয়েছিল, শীর্ষ আদালত আজ সেই রায়কেই মান্যতা দিল।
সুপ্রিম কোর্টে এই মামলার শেষ শুনানি গত ১০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সম্পন্ন হয়েছিল। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা রায়দান স্থগিত রেখেছিলেন। অবশেষে আজ বৃহস্পতিবার সেই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করা হল।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত বছর এপ্রিল মাসে এসএসসি দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হওয়ার মুখে পড়ে।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এছাড়াও, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো কর্মীদের একাংশও দেশের শীর্ষ আদালতে আপিল করেন। প্রথমে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। বিচারপতি চন্দ্রচূড় অবসর গ্রহণের পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চেও এই মামলার একাধিক শুনানি অনুষ্ঠিত হয়। অবশেষে আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যের শিক্ষা ক্ষেত্র এবং চাকরিপ্রার্থীদের মধ্যে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। চাকরি হারানো কর্মীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রাজ্য সরকার এই রায়ের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।