মদন তামাং খুনের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা বিমল গুরুংয়ের, কী বললেন বিচারপতি?

গোর্খা লিগ সভাপতি মদন তামাংয়ের খুনের মামলায় গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। এর ফলে বড় ধাক্কা খেলেন বিমল গুরুং।
উল্লেখ্য, মদন তামাং হত্যা মামলায় সিবিআই যে তদন্ত করছে, সেই মামলায় বিমল গুরুংকে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত। হাইকোর্ট নির্দেশ দেয়, বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বিমল গুরুং।
এ দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদীর পর্যবেক্ষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বিমল গুরুংয়ের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনি তো এখন জামিনে আছেন। তাহলে চার্জ গঠন নিয়ে আপনার সমস্যা কোথায়?’
বিচারপতির এই মন্তব্যে স্পষ্টতই ইঙ্গিত ছিল যে, বিমল গুরুং যেহেতু জামিনে মুক্ত, তাই চার্জ গঠন প্রক্রিয়া শুরু হলে তাঁর আইনি লড়াইয়ে কোনও বাধা থাকার কথা নয়। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংয়ের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও একধাপ এগোল এবং তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা রইল না বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।