রাজ্য সরকারের সকল প্রকল্পের খতিয়ান এবার নবান্নের নজরে, শুরু হয়ে গেল পোর্টাল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। বিভিন্ন ধরনের ভাতা প্রদানের মাধ্যমে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এবার এই সমস্ত প্রকল্পের কাজের অগ্রগতি নিয়মিতভাবে নজরে রাখতে চাইছে নবান্ন। এই লক্ষ্যে তৈরি করা হয়েছে একটি নতুন প্ল্যাটফর্ম – ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
এতদিন পর্যন্ত পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ, কেএমডিএম এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের অধীনে থাকা সমস্ত প্রকল্পের তথ্য এই পোর্টালে নথিভুক্ত করা হত। তবে, নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে রাজ্যের সমস্ত দফতরের অধীনে চলা প্রকল্পের প্রতিদিনের খতিয়ান এই পোর্টালে দিতে হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই পোর্টাল। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে বিশেষ মন্তব্য করা হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখতেই রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।”
যদিও আনুষ্ঠানিকভাবে চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও, প্রশাসনের অন্দরের খবর এবং শাসক দলের অনেকের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে গ্রামীণ বাংলায় সরকারের উন্নয়নমূলক কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের কাছে সরকারের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
রাজ্য সরকারের প্রথম সারির আধিকারিকরা জানিয়েছেন, এই পোর্টালের মাধ্যমে গ্রামীণ বাংলার প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে কাজের গতি বাড়বে এবং মানুষের কাছে সরকারের ইতিবাচক বার্তা পৌঁছানো সহজ হবে।
এই নতুন পোর্টালে বর্তমান রাজ্য সরকারের অধীনে চলা সমস্ত প্রকল্পের বিস্তারিত তথ্য থাকবে। সাধারণ মানুষও এই পোর্টালে প্রবেশ করে বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য জানতে পারবেন বলে জানানো হয়েছে। ভোটের আগে সরকারের এই নতুন পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার বিষয়।