নাম বদলাচ্ছেন আল্লু অর্জুন! ‘পুষ্পা ২’-র বিতর্ক কাটিয়ে নতুন পথে যাত্রা? জেনেনিন বিস্তারিত

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ ছিল। তবে মুক্তির ঠিক আগেই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা এবং গুরুতর আহত হন তার আট বছরের ছেলে। এই ঘটনায় সরাসরি দায়িত্বহীনতার অভিযোগ ওঠে আল্লু অর্জুনের বিরুদ্ধে।
এই ঘটনার জেরে গত ১৩ ডিসেম্বর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আল্লুকে গ্রেফতারও করা হয়েছিল। যদিও পরে তিনি অন্তর্বর্তী জামিনে মুক্তি পান। ‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের স্বাদ নেওয়ার চেয়ে বেশি সময় তাকে থানা-পুলিশ-আদালতের চক্করে ঘুরতে হয়েছে। তবে এবার নতুন বছরে অভিনেতা নতুন এক সিদ্ধান্ত নিতে চলেছেন বলে শোনা যাচ্ছে!
বিভিন্ন সূত্রে খবর, আল্লু অর্জুন নাকি নিজের নাম পরিবর্তন করতে চলেছেন। যদিও একসময় অভিনেতারা নিজেদের আসল নাম বদলে পর্দার জন্য নতুন নাম নিতেন, তবে সেই প্রবণতা এখন অনেকটাই কমে এসেছে। তবে অনেকেই জীবনে সাফল্য লাভ করতে বা বিভিন্ন বাধা-বিঘ্ন থেকে মুক্তি পেতে সংখ্যাতত্ত্বের উপর বিশ্বাস রাখেন। মনে করা হচ্ছে, আল্লু অর্জুন সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছেন। তাই হয়তো নিজের নামের বানানে বর্ণের সংখ্যা বৃদ্ধি করতে চলেছেন তিনি।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তার ‘আল্লু’ নামের সঙ্গে যুক্ত হতে পারে আরও একটি ‘ইউ’ (Alluu) অথবা ‘অর্জুন’ বানানে একটি অতিরিক্ত ‘এন’ (Arjuun) যোগ হতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই মনে করছেন, নিজের কর্মজীবনে আরও বেশি সাফল্য ও শ্রীবৃদ্ধি লাভের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন আল্লু। যদিও এই বিষয়ে আল্লু অর্জুন এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
‘পুষ্পা ২’-র মুক্তির আগে ঘটে যাওয়া বিতর্ক এবং আইনি জটিলতা অভিনেতার কর্মজীবনে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বলে মনে করেন অনেকে। তাই নতুন বছরে নামের পরিবর্তনের মাধ্যমে আল্লু অর্জুন সম্ভবত নতুন করে সবকিছু শুরু করতে চাইছেন। এখন দেখার বিষয়, নামের এই পরিবর্তন আল্লুর জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।