গুলি-বোমাবাজির মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং, আপাতত নয় গ্রেফতার

গুলি-বোমাবাজির মামলায় হাইকোর্টের থেকে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার মৌখিক নির্দেশ দিয়ে জানান, বুধবার মামলার শুনানির আগে পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

বিজেপি নেতা আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতে বলেন, “আমার বাড়ির সামনেই বোমাবাজির ঘটনা ঘটেছে, অথচ আমাকেই অভিযুক্ত করা হয়েছে।”

গত ২৬ মার্চ রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থল ছিল মেঘনা মোড়ের মজদুর ভবনের সামনের এলাকা। এই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আহত ব্যক্তি তাদের দলের কর্মী। তাদের দাবি, “অর্জুন সিং নিজেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।”

ঘটনার পরদিনই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে জগদ্দল থানার পুলিশ।অর্জুন অভিযোগ করেন, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে মিথ্যা মামলা করেছে।পুলিশ অর্জুনের বিরুদ্ধে নোটিস জারি করে, এমনকি গ্রেফতারি পরোয়ানার আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায়।মঙ্গলবার নিম্ন আদালত বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।

নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট অর্জুন সিং জানান, তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, বুধবারের শুনানির আগে পর্যন্ত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

বুধবার হাইকোর্টে চূড়ান্ত শুনানি হবে। তার পরেই জানা যাবে, অর্জুন সিংয়ের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে।