সন্তানকে মানুষ করা নিয়ে বচসা, দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে স্ত্রীকে খুন, হাড়হিম করা ঘটনা ‘শামিতে’!

উত্তরপ্রদেশের শামিতে সন্তানকে মানুষ করা নিয়ে দাম্পত্য কলহের জেরে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ভাড়া করা দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্ত্রীকেই খুন করল স্বামী। গত ৩০ মার্চ শামি এলাকা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কালের পরিচয় তদন্তের পর জানা যায়, সেটি ২৮ বছর বয়সী মুসকান নামে এক মহিলার। মুসকান গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন এবং তার কাকা থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন।
গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার হওয়ার পরই পুলিশের সন্দেহ হয়। কঙ্কাল পরীক্ষার পর সেটি মুসকানের বলে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন মুসকানের স্বামী মহম্মদ রিজওয়ান। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে হাড়হিম করা সত্যি ঘটনা সামনে আসে।
তদন্তে জানা যায়, রিজওয়ান তার স্ত্রীকে খুন করার জন্য সিরিয়াল কিলারদের ভাড়া করেছিল। তাদের সঙ্গে পরিকল্পনা করে স্ত্রীকে খুন করে দেহ লোপাট করার ছক কষে সে। এই কাজের জন্য রিজওয়ান দুই সিরিয়াল কিলারকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা দেয়। ইতিমধ্যেই রিজওয়ান সহ ওই দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্তানকে কিভাবে মানুষ করা হবে, এই নিয়ে রিজওয়ান ও মুসকানের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। সেই পারিবারিক কলহ চরম আকার ধারণ করলে রিজওয়ান স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঠান্ডা মাথায় ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে এবং হত্যার মোটিভ ও অন্যান্য তথ্য জানার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।