Recipe: গরমে শরীরকে ঠান্ডা রাখতে বানিয়ে নিন দুধ-লাউ, শিখেনিন নিরামিষ রান্নার সেরা পদ্ধতি

গরমকাল এসে গেছে, আর এই সময়ে শরীরকে ঠান্ডা রাখাটা খুব জরুরি। লাউ এমন একটি সবজি যা শরীরকে ঠান্ডা রাখতে দারুণ সাহায্য করে। লাউ চিংড়ি বা মাছের মাথা দিয়ে লাউ তো আমরা প্রায়ই খেয়ে থাকি। তবে লাউয়ের একটি অসাধারণ নিরামিষ পদ আছে, যা একবার খেলে তার স্বাদ ভোলা কঠিন। সেই পদটি হল দুধ-লাউ। এটি যেমন সুস্বাদু, তেমনই সহজে বানানো যায়।

উপকরণ:

লাউ (পরিমাণ মতো)
দুধ (প্রয়োজন অনুযায়ী)
সর্ষের তেল
নুন (স্বাদমতো)
সামান্য চিনি
শুকনো লঙ্কা (ফোড়নের জন্য)
জিরে বাটা
আদা বাটা
হিং (ফোড়নের জন্য)

প্রণালী:

১. প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তার মধ্যে সামান্য হিং এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন।
২. কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলি কড়াইতে দিয়ে দিন। হালকা ভাজুন এবং তারপর অল্প নুন, চিনি, আদা বাটা ও জিরে বাটা যোগ করুন।
৩. কড়াইটি ঢাকা দিয়ে দিন এবং লাউ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. এই সবজিতে প্রাকৃতিকভাবে জলের পরিমাণ বেশি থাকে। রান্নার সময় লাউ থেকে নিজস্ব জল বের হতে শুরু করবে। মূলত সেই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই।
৫. যখন জল খানিকটা শুকিয়ে আসবে এবং লাউ নরম হয়ে যাবে, তখন কড়াইতে দুধ ঢেলে দিন। ঝোল ঘন না হওয়া পর্যন্ত হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এই সময়ে আপনি চাইলে ভেজে রাখা বড়িও যোগ করতে পারেন।
৬. ঝোল ঘন হয়ে এলে এবং সব উপকরণ ভালোভাবে মিশে গেলে, নামানোর আগে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন।
৭. গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু দুধ-লাউ।

এই সহজ রেসিপিটি গরমের দুপুরে আপনার খাদ্যতালিকায় যোগ করতে পারেন। এটি যেমন হালকা তেমনই স্বাস্থ্যকর এবং অবশ্যই আপনার রসনা তৃপ্তি করবে।