অর্জুন অতীত, মালাইকার নতুন প্রেম লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা? ভাইরাল ছবি ঘিরে জল্পনা

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা আরোরার নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সম্প্রতি বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের আইপিএল ম্যাচ চলাকালীন মালাইকাকে সাঙ্গাকারার পাশে বসে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, দুজনের পরনেই ছিল রাজস্থান রয়্যালসের জার্সি। এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জোর জল্পনা।
বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার মালাইকা ‘মুন্নি বদনাম’ বা ‘ছাইয়্যাঁ-ছাইয়্যাঁ’র মতো গানে তাঁর নজরকাড়া পারফরম্যান্সের জন্য পরিচিত। এবার তাঁর নাম জড়াল ক্রিকেটের বাইশ গজের সঙ্গে। আইপিএলের ম্যাচে পিঙ্ক আর্মি (রাজস্থান রয়্যালস) ও ইয়েলো ব্রিগেডের (চেন্নাই সুপার কিংস) লড়াই চলাকালীন ক্যামেরাবন্দি হন রাজস্থান রয়্যালস টিমের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এবং বলি অভিনেত্রী মালাইকা। দুজনের গায়ে একই দলের জার্সি দেখে অনেকেই তাঁদের মধ্যে নতুন সমীকরণের আভাস পাচ্ছেন।
কিছুদিন আগেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়েছে। অর্জুনের আগে সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের দাম্পত্য জীবনও ভেঙেছিল তাঁর। এবার হঠাৎ করে সাঙ্গাকারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখে অনেকেই পুরনো সম্পর্ক ভুলে নতুন সম্পর্কের অঙ্ক মেলাতে শুরু করেছেন। যদিও কুমার সাঙ্গাকারা ২০০৩ সালে ইয়াহালি সাঙ্গাকারাকে বিয়ে করেন এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে।
মালাইকা সত্যিই সাঙ্গাকারার প্রেমে পড়েছেন কিনা, তা নিয়ে তিনি নিজে এখনও কোনো মন্তব্য করেননি। তবে সূত্রের খবর, মালাইকা রাজস্থান রয়্যালসের একজন বড় সমর্থক এবং সেই কারণেই তিনি দলের জার্সি পরে মাঠে এসেছিলেন। আপাতত এই জল্পনা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এখন দেখার বিষয়, এই গুঞ্জন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।