জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জামাত, ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার

আজ খুশির ঈদ-উল-ফিতর। রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সোমবার সকালে এই জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন। জামাতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত। সকাল ৭টায় শুরু হওয়া এই জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মসজিদের প্রবেশ গেটগুলোতে বসানো ছিল আর্চওয়ে। দক্ষিণ গেটে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। এই গেটের দুটি আর্চওয়ে দিয়ে মুসল্লিরা নির্বিঘ্নে প্রবেশ করেন।
মোঘল ঐতিহ্যে ঈদ আনন্দ মিছিল:
ঢাকার সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামাতের পাশাপাশি এক জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
সোমবার সকালে আগারগাঁওয়ের বাণিজ্যমেলার পুরোনো মাঠে ঈদের জামাতের পর প্রায় ৯টার দিকে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে, ঘোড়ার গাড়ি এবং মোঘল আমলের ইতিহাস তুলে ধরা বিভিন্ন অনুষঙ্গ সহকারে এই আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও এলাকা প্রদক্ষিণ করে খামার বাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ধরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।
মিছিলের সমাপ্তিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্মিত একটি ছোট মঞ্চে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ২০০টির মতো স্টল স্থাপন করা হয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত। শিশুদের বিনোদনের জন্যেও মেলায় বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে।
ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধান উপদেষ্টার:
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।”
ড. ইউনূস আরও বলেন, ‘আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন যেসব বীর সন্তানেরা, যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন… এ দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আজকের দিনে আমরা প্রার্থনা করি… আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাল্লাহ।”
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, এবার তারা মুক্ত পরিবেশে একটি আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনের আশা প্রকাশ করেন।