ধর্মের ভিত্তিতে রাজনীতি! মোথাবাড়িকাণ্ডে মমতাকে তোপ সুকান্তের, ‘দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে’

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অভিযোগ ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলছে বিরোধী শিবির। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতি করার পাল্টা অভিযোগ আনা হচ্ছে। সম্প্রতি মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক রঙ লেগেছে। এবার এই ইস্যুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি দাবি করেন, ‘দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে’। একইসঙ্গে মোথাবাড়িকাণ্ডে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে হিংসার ঘটনার ভিডিও এখনও সমাজমাধ্যমে উপলব্ধ রয়েছে… যারা হিন্দু দেবদেবী, ভগবান রামকে নিয়ে অপশব্দ প্রয়োগ করেছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে, থানায় আগুন লাগানোর চেষ্টা হয়েছে। এখনও প্রমাণ রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে’।
শুধু তৃণমূল নেত্রী নন, এদিন সিপিএমকেও নিশানা করেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতার দাবি, সিপিএমও তোষণের রাজনীতি করে। তাঁর স্পষ্ট অভিযোগ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম একই সঙ্গে’।
প্রসঙ্গত, সোমবার ঈদ উপলক্ষ্যে রেড রোডের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘একদল ভেদাভেদের রাজনীতি করে। তবে সম্প্রীতি বজায় রাখতে হবে। কারোর কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না’। একইসঙ্গে তিনি ‘লাল-গেরুয়া মিশে গিয়েছে’ বলেও মন্তব্য করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্যে হিংসা ছড়ানোর জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতি করার গুরুতর অভিযোগও আনলেন। এখন দেখার বিষয়, সুকান্ত মজুমদারের এই অভিযোগের পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে।