টোটো ভাড়া নিয়ে বচসা, বগটুইয়ে আদিবাসী মহিলাকে ধারালো অস্ত্রের কোপ মারার চেষ্টা চালকের

টোটো ভাড়াকে কেন্দ্র করে রণক্ষেত্র বগটুই মোড়। ইদের উৎসবে যোগ দিতে আসা এক আদিবাসী মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার বগটুই মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়পাহাড়ি মোড় থেকে পাঁচজন আদিবাসী মহিলা একটি টোটো ভাড়া করে বগটুই গ্রামে যাচ্ছিলেন। ঈদ উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। টোটোচালক মাথা পিছু ৩০ টাকা ভাড়া নির্ধারণ করে তাঁদের বগটুই গ্রামে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তবে অভিযোগ, বগটুই মোড়ে পৌঁছানোর পর চালক গ্রামের ভেতরে যেতে অস্বীকার করে এবং ধার্য ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করতে শুরু করে। এই নিয়ে যাত্রীদের সঙ্গে তার বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন ওই টোটোচালক আচমকা ধারালো অস্ত্র বের করে আদিবাসী মহিলাদের মারার চেষ্টা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং টোটোর যাত্রী বিটি মুর্মু জানান, “আমাদের বাড়ি মুর্গাডাঙ্গা গ্রামে। আমরা প্রতি বছর ঈদের সময় বগটুই গ্রামে উৎসবে আসি। খাওয়া দাওয়া করে সন্ধ্যায় ফিরে যাই। আজকেও সেই জন্য টোটো ভাড়া করে আসছিলাম। কিন্তু চালক ১৪ নম্বর জাতীয় সড়কের পাশেই বগটুই মোড়ে আমাদের নামিয়ে দেয়। গ্রামের ভেতরে যেতে চায়নি। এমনকি প্রথমে যে ভাড়া ঠিক হয়েছিল, তার থেকে বেশি টাকা দাবি করে। আমি তাকে দু’শো টাকা দিয়েছিলাম। সে পঞ্চাশ টাকা ফেরত না দিয়ে পালাতে চেষ্টা করে। আমি তাকে ধরতে গেলে সে ধারালো অস্ত্র দিয়ে আমাকে মারতে আসে। আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে চালককে ধরে ফেলে।”

চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্ত টোটো চালককে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে রামপুরহাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নুর আলম শেখ বলেন, “আমি ঈদ উৎসবে ব্যস্ত ছিলাম। পুলিশ থেকে ফোন পেয়ে এসে দেখি টোটো চালকের সঙ্গে ঝামেলা চলছে। জানতে পারি, চালক আদিবাসীদের মারতে গিয়েছিল। ওরা প্রতি বছর আমাদের গ্রামে আসে। সারা দিন ঘুরে উৎসবের আনন্দ নেয় এবং কিছু সাহায্য নিয়ে বাড়ি ফেরে। এবারও তারা এসেছিল। এই টোটো চালক আমাদের গ্রামের নয়। আমরা গ্রামে আর কোনওরকম অশান্তি বরদাস্ত করব না।”

পুলিশ জানিয়েছে, আটক টোটো চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যাত্রীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।