RBI-এর ছুটি বাতিল, ইদের দিনেও আজ কেন খোলা থাকবে ব্যাঙ্ক? জেনেনিন কারণ

আজ, মার্চ মাসের শেষ তারিখ। শুধু তাই নয়, এই দিনটি চলতি আর্থিক বছরেরও সমাপ্তি। আগামীকাল, এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হবে ২০২৫-২৬ সালের নতুন অর্থবর্ষ। এমতাবস্থায়, ব্যাঙ্কগুলিতে স্বাভাবিকভাবেই কাজের চাপ অনেক বেশি। একইসঙ্গে, বহু মানুষেরই ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, আজ পালিত হচ্ছে ইদ-উল-ফিতর। সাধারণত, ইদের দিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে, এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে – আজ কি ব্যাঙ্ক খোলা থাকবে, নাকি বন্ধ? এই নিয়ে অনেকের মনেই সংশয় দেখা দিয়েছে।
দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ছুটির তালিকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই-এর ছুটির তালিকা অনুসারে, ইদের জন্য আজ হিমাচল প্রদেশ এবং মিজোরাম ছাড়া দেশের অন্যান্য সকল রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা।
কিন্তু, ইদের পাশাপাশি আজ অর্থবর্ষের শেষ দিন হওয়ায়, রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ইদের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আজ সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
আসলে, ৩১ মার্চ আর্থিক বছরের শেষ দিন হওয়ার কারণে লেনদেন এবং ফিন্যান্সিং সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট জমা দেওয়ার কাজ বাকি থাকে। এই জন্যেও কর্মীদের মধ্যে চরম ব্যস্ততা দেখা যায়। যেহেতু নতুন অর্থবর্ষ থেকে নতুন আর্থিক হিসাব শুরু হবে, সেই কারণেই আজ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু আজই নয়, নতুন অর্থবর্ষের প্রথম দিন, অর্থাৎ ১লা এপ্রিলও ব্যাঙ্ক খোলা থাকবে। তবে, সেই দিন মেঘালয়, ছত্তীসগঢ়, মিজোরাম, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা প্রয়োজন – এই দুই দিন ব্যাঙ্ক খোলা থাকলেও, সাধারণ গ্রাহকরা সেখানে পরিষেবা পাবেন না। এই সময়কালে মূলত ব্যাঙ্ক সংক্রান্ত অভ্যন্তরীণ কাজকর্মই সম্পন্ন হবে।