প্রচন্ড গরমে ‘Cool’ থাকবেন কি করে? টিপস দিলেন MLA কাঞ্চন, দেখেনিন ভিডিও

এখনও বৈশাখ মাস আসতে ঢের বাকি, তবে এখনই গরমের তীব্রতা টের পাচ্ছে রাজ্যবাসী। প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস করছে সকলে। এই পরিস্থিতিতে তেল-ঝাল মশলার খাবার ছেড়ে হালকা ও ঠান্ডা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। গরমকালে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে নিজের ‘স্পেশাল রেসিপি’ শেয়ার করলেন তিনি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা কাঞ্চন মল্লিক নীল রঙের শর্টস পরে খালি গায়ে মাটিতে বসে আরাম করে খাচ্ছেন। তাঁর সামনে রাখা রয়েছে বাঙালির অতি প্রিয় পান্তা ভাত, সঙ্গে সুগন্ধি গন্ধরাজ লেবু, লেবুর রস দেওয়া ভাতের জল, মুচমুচে আলুভাজা, সুস্বাদু পোস্ত বাটা এবং মুখরোচক ডালের বড়া। এমনকি পান্তা ভাতের টক জল আলাদা করে একটি বাটিতে রাখা, তাতে দেওয়া হয়েছে গন্ধরাজ লেবুর টুকরো।
ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা যায়, “এটা হল কাঞ্চনের স্পেশাল রেসিপি।” এরপরেই কাঞ্চন মল্লিক ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “গরমে খাবেন অল কুল।”
আশ্চর্য্যের বিষয় হল, কাঞ্চনের পাশেই বসে পান্তা ভাত উপভোগ করছিলেন তাঁর শ্বশুরমশাই, অর্থাৎ শ্রীময়ীর বাবা। শ্রীময়ী মজা করে বলেন, “এই যে বসে বসে বাবাও খাচ্ছে। যিনি কিনা কখনও পান্তাভাত খাননি। বসে বসে বলছেন, সলিড মেখেছে।” শুধু কাঞ্চন বা তাঁর শ্বশুর নন, ভিডিওতে শ্রীময়ীকেও পান্তা ভাত চেটেপুটে খেতে দেখা যায়।
View this post on Instagram
এই মজার ভিডিওটি শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লিখেছেন, “আমরা বাবা ভেতো বাঙালি, এই বেশ ভাল আছি।”
প্রসঙ্গত, সম্প্রতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের প্রথম বিবাহবার্ষিকী পালিত হয়েছে। তাঁদের ছোট্ট মেয়ে কৃষভিকে নিয়েই তাঁরা এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। গত বছর ২ মার্চ সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি এবং ২০২৪ সালের নভেম্বরে তাঁদের কন্যা কৃষভির জন্ম হয়।
মাতৃত্বকালীন বিরতির পর শ্রীময়ী আবারও কাজে ফিরেছেন। খুব শীঘ্রই ছোটপর্দায় তাঁকে দেখা যাবে। পাশাপাশি, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জনপ্রিয় ছবি ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল ‘রক্তবীজ ২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। অন্যদিকে, কাঞ্চন মল্লিকও সমান তালে অভিনয় এবং রাজনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন। এই গরমে অভিনেতার ‘অল কুল’ ডায়েট টিপস যে বহু বাঙালির মন জয় করে নিয়েছে, তা বলাই বাহুল্য।