ফের মহানগরীতে অস্ত্রের কারবার, আনন্দপুরে উদ্ধার ১০টি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

মহানগরীতে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্রের বড় চালান। এবার আনন্দপুর থানা এলাকার নোনাডাঙা থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা প্রায় দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক মহিলা ও এক পুরুষ সহ দু’জনকে আটক করা হয়েছে। ধৃতদের বাড়ি হুগলি জেলায় বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এসটিএফের এক উচ্চপদস্থ আধিকারিক এই বিষয়ে জানান, “আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দু’জনকে একটু আগেই ধরা হয়েছে। তবে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো এখনও বাকি রয়েছে।”

মহানগরে ফের এতগুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হুগলি জেলার ওই মহিলা ও পুরুষ কলকাতায় কেন এসেছিলেন? বাইপাসের কাছে আনন্দপুর থানা এলাকার মতো অপেক্ষাকৃত নির্জন জায়গাকে কেন তাঁরা বেছে নিয়েছিলেন? উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কি পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও নাশকতামূলক পরিকল্পনা ছিল?

পুলিশ সূত্রে খবর, ধৃতদের গ্রেফতার করে সোমবার আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্রগুলির উৎস, গন্তব্য এবং ধৃতরা এর সঙ্গে কী উদ্দেশ্যে জড়িত ছিলেন, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে এই ধরনের ঘটনা বার বার সামনে এসেছে। চলতি সপ্তাহেই গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক এবং তিনটি কার্তুজ (দুটি ভর্তি ও একটি খালি) উদ্ধার করে পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতারও করা হয়। এর আগে, গত ১৯শে মার্চ জনবহুল বউবাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ শেখ শাহজাহান নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তারও আগে ইডেন গার্ডেন্সের সামনে রাতে অস্ত্র হাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। মহানগরীতে বারংবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।