“প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার!”-RSS-এর সদর দপ্তরে মোদি, মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সদর দফতরে (RSS headquarters) পা রাখলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রবিবার নাগপুরে আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। একইসঙ্গে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে একটি বিশেষ নোট লিখে তাতে আরএসএসের তাৎপর্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এদিন নাগপুরের রেশিমবাগের স্মৃতি মন্দির পরিদর্শনের সময় মোদীর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকেও সেখানে দেখা যায়। প্রধানমন্ত্রী আরএসএসের পদাধিকারীদের সঙ্গেও একান্তে কথা বলেন। এরপর আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আরএসএসের শ্রুতি মন্দিরে সংঘ প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পর প্রধানমন্ত্রী দীক্ষাভূমি মন্দিরে যান এবং সেখানে ভারতের সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, এই বছর আরএসএস তাদের শতবর্ষ উদযাপন করছে এবং সেই উপলক্ষে বছরভর বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংঘ।
এদিকে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, রবিবার নাগপুরে নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। মনে করা হচ্ছে, এই বৈঠকেই বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হতে পারে। সূত্র মারফত খবর, এপ্রিল মাসের ১০ তারিখে বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দেশের সমস্ত বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতিদের একটি বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকের পরই আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রীর এই প্রথম আরএসএস সদর দফতর পরিদর্শন এবং মোহন ভাগবতের সঙ্গে তাঁর বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।