“সম্পর্ক আইসক্রিমের মতো”-তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যা বললেন বিজয়

বলিউড অভিনেতা বিজয় ভার্মা মনে করেন, সম্পর্কে থাকলে তার প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অভিনেতা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। জীবনের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেও কীভাবে হাসিখুশি থাকা যায়, সে বিষয়েও নিজের মতামত জানান বিজয়।

সম্পর্ক কেমন হওয়া উচিত—এই প্রশ্নের উত্তরে বিজয় সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, সম্পর্ক তাঁর কাছে বিভিন্ন স্বাদের আইসক্রিমের মতো। কখনও মিষ্টি, আবার কখনও নোনতা স্বাদও মিশে থাকে তাতে।

বিজয়ের মতে, জীবনের পথে যা কিছু আসুক না কেন, সবকিছু মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হয়। প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু উপভোগ করার সুযোগ থাকে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার সম্পর্কের ইতি টানার খবর শিরোনামে আসে। যদিও দু’জনের কেউই সরাসরি এই খবর নিশ্চিত করেননি। তবে সূত্র মারফত জানা যায়, তাঁদের মধ্যে আর আগের মতো সম্পর্ক নেই এবং তাঁরা সম্মানের সঙ্গেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।

বলিউডের অন্দরে জোর গুঞ্জন, তামান্না এবং বিজয় বিচ্ছেদ মেনে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে গেলেও একে অপরের ভালো বন্ধু হিসেবে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে দুজনেই নিজেদের কর্মব্যস্ত জীবনে মনোযোগ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের বর্ষবরণের আগের একটি পার্টিতে প্রথমবার বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর বহু অনুষ্ঠানে এবং জনসমক্ষে তাঁদের একসঙ্গে দেখা গেছে। ‘লাস্ট স্টোরি ২’-এর প্রচারের সময় তাঁরা জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হল না।