“এই দুনিয়ায় কেউ স্বনির্মিত নয়…”-কঙ্গনাকে কটাক্ষ করলেন সালমান খান

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুর সাম্রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। এই কারণে বলিউডে তিনি বর্তমানে রীতিমতো ‘কোণঠাসা’।

বলিউডের আলোচনায় এখন অনেকটাই পিছিয়ে পড়লেও কঙ্গনা হিমাচলে নিজের ব্যবসা এবং সাংসদ হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি তিনি রেস্তরাঁর মালিক এবং প্রযোজকও। এবার কঙ্গনার ‘স্বজনপোষণ তত্ত্ব’ নিয়ে খোঁচা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

সম্প্রতি সালমান খান তার নতুন ছবি ‘সিকন্দর’ এর প্রচারের সময় সাংবাদিকদের কাছে ‘স্বর্ণিমিত সুপারস্টার’ হিসেবে সম্বোধিত হন। এই প্রশ্নের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমান বলেন, “এই দুনিয়ায় কেউ স্বনির্মিত নয়। আমি অন্তত বিশ্বাস করি না যে, কেউ শুধুমাত্র নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে। সবটাই টিমওয়ার্ক। আমার বাবা যদি ইন্দোর থেকে মুম্বাইতে না আসতেন, তাহলে হয়তো আমি ওখানেই চাষবাস করতাম। ওর সিদ্ধান্তেই আমি এতদূর আসতে পেরেছি। বাবা এখানে এসে সিনেমায় কাজ করেছেন। এখন আমি ওর ছেলে হিসেবে কাজ করছি।”

সালমান এরপর বলেন, “হয়তো আমি সেখানে ফিরে যেতে পারতাম কিংবা মুম্বইতে কাজ করতাম, আর এই বিষয়টাকেই অনেকে স্বজনপোষণ বলে দাগিয়ে দেন। আমার অবশ্য ভালোই লাগে।”

এমনকি, সাংবাদিকরা যখন রবিনা ট্যান্ডনের মেয়ের বলিউডে ডেবিউ প্রসঙ্গে কথা তুলেন, সালমান খান কঙ্গনার নাম উল্লেখ করে বলেন, “কঙ্গনার যদি মেয়ে থাকত, তাহলে হয়তো সে সিনেমায় কাজ করত, নয়তো রাজনীতিতে যোগ দিত। সেটাও তো।”

পরে ‘নেপোটিজম’ শব্দটি উঠলে সালমান খান বললেন, “হ্যাঁ, ওই হল। স্বজনপ্রীতি। আর নয়তো কঙ্গনার সন্তানকে অন্য কোনও পেশায় যোগ দিতে হবে।”

সালমানের এই মন্তব্য কঙ্গনার ‘স্বজনপ্রীতি’ তত্ত্বের প্রতি একধরণের খোঁচা হিসেবেই দেখা যাচ্ছে।