৭০বছর বয়সেও কিভাবে ফিট মমতা? ‘ব্যানার্জি থেকে আসছে এনার্জি…’- বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল প্রায়ই বলেন, তিনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন। খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঘুম— সবকিছুই নিয়ন্ত্রিত। তিনি সর্বদাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল। এমনকি লন্ডন সফরেও তাঁর এই অভ্যাসে কোনো ব্যতিক্রম দেখা যায়নি।
দীর্ঘ বিমানযাত্রার পরেও তাঁর শরীরে কোনো ক্লান্তির ছাপ পড়েনি। লন্ডনে পৌঁছানোর পর সোমবার সকালেই তিনি বেরিয়ে পড়েন মর্নিং ওয়াকে। ‘ওয়ার্ম আপ’-ও সেরে নেন। হাইড পার্কের সবুজ পরিবেশে নিজের মতো করে হাঁটাচলা করেন তিনি।
বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্য সচেতনতার প্রশংসা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও। ব্রিটেনের প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছেন। সেদিন ‘কেলগ কলেজে’ তাঁর বক্তৃতা ছিল। ভাষণ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দেন তিনি।
সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনি এখনও প্রতিদিন ৬০ হাজার পদক্ষেপ হাঁটেন। শরীরে কীভাবে এতটা শক্তি সঞ্চয় করেন?’ এই প্রশ্নের পাল্টা মুখ্যমন্ত্রী কৌতুক সুরে বলেন, ‘মাই টাইটেল ইজ ব্যানার্জি, সো ইট ইজ অপোজিট অব এনার্জি।’ বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘আমার পদবি ব্যানার্জি, যার বিপরীত হয় এনার্জি।’
এরপর, তাঁর আঁকা ছবি, লেখা কবিতা ও গান নিয়েও অক্সফোর্ড কর্তৃপক্ষ প্রশংসা করেন। তারা বলেন, ‘আমি শুনেছি আপনি ১৩০টি বই লিখেছেন, ছবি আঁকেন, গানও লেখেন। একজন নেত্রী এবং একই সঙ্গে শিল্পী— এটি সত্যিই দুর্দান্ত এক সমন্বয়।’