Apple-এর ডেভেলপার সম্মেলনের তারিখ ঘোষণা, জেনেনিন এবার নতুন কী থাকছে?

আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫। গত রাতে অ্যাপল ঘোষণা করেছে, এই ইভেন্টটি ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চলবে। প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘোষণা, কারণ ধারণা করা হচ্ছে এবারের সম্মেলনে আইওএস ১৯, নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এবং অন্যান্য সফটওয়্যার আপডেট উন্মোচন করবে কোম্পানিটি। এমনকি নতুন ডিভাইস আইফোন ১৭ এয়ারের একটি ঝলকও দেখানো হতে পারে।

অ্যাপল জানিয়েছে, এই সম্মেলন সব ডেভেলপারদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। ডেভেলপাররা অ্যাপলের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন এবং সফটওয়্যারের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। এছাড়া নতুন টুলস, ফ্রেমওয়ার্ক এবং ফিচারের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হবে। অ্যাপল ডেভেলপার অ্যাপ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আগ্রহী ব্যবহারকারী ও ডেভেলপাররা এই ইভেন্টে সরাসরি অংশ নিতে পারবেন।

কোম্পানিটি আরও জানায়, “এ বছরের কনফারেন্সে ভিডিও সেশন এবং অনলাইন ল্যাবের মাধ্যমে অ্যাপলের ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে।”

আইওএস ১৯: কী কী আসছে?

আইওএস ১৯ নিয়ে ইতিমধ্যে বেশ কিছু গুজব ছড়িয়েছে। ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর তারিখ ঘোষণার পর এসব গুজব সত্যি হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। প্রত্যাশিত ফিচারগুলোর মধ্যে রয়েছে:

  • রিফ্রেশড ইন্টারফেস: আইফোন, আইপ্যাড এবং ম্যাকের জন্য একটি সংগতিপূর্ণ ডিজাইন আনতে কাজ করছে অ্যাপল। এতে কাস্টমাইজেশনের সুযোগ বাড়বে, বিশেষ করে ফোকাস মোডকে কন্ট্রোল সেন্টারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা হবে।
  • উন্নত উইজেট ও স্মার্ট সাজেশন: উইজেটগুলো আরও বিস্তৃত ও স্মার্ট হবে। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফরম্যাট পরিবর্তনের সুবিধা থাকবে।
  • ক্যামেরা অ্যাপে পরিবর্তন: ক্যামেরা অ্যাপের ডিজাইনে বড় ধরনের আপডেট আসতে পারে। ছবি ও ভিডিওর মধ্যে দ্রুত সুইচ করার পাশাপাশি রেজল্যুশন, ফ্রেম রেট এবং এক্সপোজার সেটিংসে সহজ অ্যাকসেস মিলবে। ভিউফাইন্ডারও উন্নত হবে, যেখানে ফটো লাইব্রেরিতে দ্রুত প্রবেশের জন্য আলাদা বাটন থাকতে পারে।

অ্যাপল ইন্টেলিজেন্স: কী হবে এবার?

গত বছরের ডব্লিউডব্লিউডিসি-তে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার নিয়ে বড় ঘোষণা দেওয়া হলেও এখনো তা পুরোপুরি চালু হয়নি। ২০২৫-এর সম্মেলনে এটি প্রধান আলোচ্য বিষয় হতে পারে। অ্যাপল এআই-ভিত্তিক ফিচার চালু করতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সিরির উন্নত সংস্করণ, যা আরও মানবিক ও ব্যক্তিগতভাবে সাড়া দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল, তা রিলিজে দেরি হচ্ছে। এই বিলম্বের জন্য অ্যাপল একটি মামলারও মুখোমুখি হয়েছে। তবে এবার ধীরগতিতে এগিয়ে সিরির ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে পারে কোম্পানিটি।

অন্যান্য সফটওয়্যার আপডেট

আইওএস ও আইপ্যাডওএস-এর ইন্টারফেস আপডেট ম্যাকওএস ১৬-এর মাধ্যমে ম্যাকেও আসবে বলে আশা করা হচ্ছে। ওয়াচওএস ১২-তে বড় ইন্টারফেস পরিবর্তন না হলেও নতুন স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার যুক্ত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ওয়াচ ১১-এ রক্তচাপ এবং রক্তের শর্করা মনিটরিংয়ের মতো ফিচার আসতে পারে, যা এই আপডেটে সমর্থিত হবে। এছাড়া টিভিওএস এবং ভিশনওএস-এর আপডেটও অ্যাপলের ইকোসিস্টেমকে আরও উন্নত করবে।

হার্ডওয়্যার সম্ভাবনা

ডব্লিউডব্লিউডিসি সাধারণত সফটওয়্যারকেন্দ্রিক হলেও সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল এই মঞ্চে হার্ডওয়্যার উন্মোচন করেছে। ২০২৩ সালে ভিশন প্রো হেডসেটের পাশাপাশি ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও এবং ম্যাক প্রোর আপডেট ঘোষণা করা হয়েছিল। এ বছরের শুরুতে ইতিমধ্যে ম্যাকবুক এয়ার এম৪, আপডেটেড ম্যাক স্টুডিও, আইপ্যাড এয়ার এম৩ এবং আইফোন ১৬ ই উন্মোচন করেছে অ্যাপল। তাই বড় হার্ডওয়্যার ঘোষণার সম্ভাবনা কম। তবে ম্যাক প্রো-এর একটি নতুন সংস্করণ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডব্লিউডব্লিউডিসি ২০২৫ অ্যাপলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ঝলক দেবে। সফটওয়্যার ও সম্ভাব্য হার্ডওয়্যার উন্মোচনের মাধ্যমে প্রযুক্তি জগতে নতুন দিগন্ত খুলবে বলে আশা করছেন প্রযুক্তিপ্রেমীরা।