রিয়ানের পা ছুঁয়ে প্রণাম যুবকের! “১০ হাজার টাকা দিয়ে ভক্ত ভাড়া করেছে”- বিস্ফোরক অভিযোগ নেটিজ়েনদের

রাজস্থান রয়্যালসের (RR) আইপিএল ২০২৫-এর শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচে দলের নেতৃত্ব দেননি নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম তিনটি ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন রিয়ান পরাগ। তবে তাঁর নেতৃত্বে পিঙ্ক আর্মি পরপর দুটি ম্যাচে হেরে যায়। কিন্তু রাজস্থান বনাম কেকেআর ম্যাচে এক ভক্ত এমন কিছু করলেন, যা নিয়ে এখন নেট দুনিয়ায় চলছে চর্চা!

বুধবার বর্ষাপাড়া স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন, এক ভক্ত মাঠের নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করেন এবং সোজা রিয়ান পরাগের কাছে গিয়ে তাঁকে প্রণাম করেন! এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক। মুহূর্তের মধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার পরই রিয়ান পরাগকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোলিং। নেটিজেনদের একাংশ মনে করছেন, ধোনি বা কোহলির মতো জনপ্রিয়তার ধারে কাছেও নেই রিয়ান, তাহলে কেন একজন ভক্ত মাঠে ঢুকে তাঁকে প্রণাম করবেন? অনেকে মজা করে এটাকে ‘ফ্যান ফিক্সিং’-এর ঘটনা বলছেন!

সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন,”রিয়ান পরাগ ১০ হাজার টাকা দিয়ে একটা ছেলেকে ভাড়া করেছে, যে মাঠে গিয়ে ওর পা ছুঁয়ে প্রণাম করেছে! এই ছেলে সব সময় নজরে থাকতে ভালোবাসে!”

অন্য একজন আবার ব্যঙ্গ করে লিখেছেন,”ম্যাচ ফিক্সিং তো অনেক শুনেছি, এবার রিয়ান পরাগ করে দেখাল ফ্যান ফিক্সিং!”

কেকেআরের বিরুদ্ধে রিয়ান পরাগ ব্যাট হাতে ১৫ বলে ২৫ রান করেন। বল হাতে ৪ ওভারে ২৫ রান দেন, তবে কোনও উইকেট পাননি।

তবে রিয়ানের মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন বেশি আলোচনায় সেই ভক্তের কান্ড! সত্যিই এটা আবেগপ্রবণ এক ফ্যানের ভালোবাসা, নাকি সাজানো ঘটনা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!