হু হু করে ডুবছে TATA মোটরসের শেয়ার, ধসের মুখে বাকি কোম্পানিও, ‘মাস্টারমাইন্ড’ সেই ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বড়সড় ধাক্কা খেল ভারতীয় গাড়ি সংস্থাগুলি। টাটা মোটরস-সহ একাধিক সংস্থার শেয়ার রেকর্ড হারে পতন হয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যেও।
আমেরিকায় আমদানি করা সমস্ত গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন ট্রাম্প। ওভাল অফিস থেকে সরাসরি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে, এবং ৩ এপ্রিল থেকে গাড়ির উপর অতিরিক্ত কর বসবে বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্পের বক্তব্য, এই শুল্ক নীতির ফলে আমেরিকার লাভ হবে ১০ হাজার কোটি ডলারেরও বেশি। তাঁর মতে, বিদেশি সংস্থাগুলি যদি আমেরিকায় গাড়ি তৈরি করে, তাহলে কোনও শুল্ক দিতে হবে না। তবে অন্য দেশ থেকে আমদানি করা গাড়িগুলির ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ কর গুণতে হবে।
ট্রাম্পের এই ঘোষণার পরপরই ভারতের শেয়ারবাজারে ব্যাপক প্রভাব পড়েছে। বুধবার টাটা মোটরসের শেয়ার ৪.৭৭ শতাংশ কমে গিয়েছে। একইসঙ্গে হুন্ডাই ও অন্যান্য গাড়ি সংস্থার শেয়ারেও পতন দেখা গেছে। বিনিয়োগকারীরা এই আকস্মিক পরিবর্তনে চিন্তিত।
বিশ্লেষকদের মতে, বিদেশি গাড়ির উপর অতিরিক্ত কর বসানোর ফলে আমেরিকায় গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে মার্কিন গ্রাহকদের উপর চাপ বাড়বে এবং গাড়ি কেনার ক্ষমতা কমবে।
অন্যদিকে, অনেকে মনে করছেন এই নীতির ফলে আমেরিকান সংস্থাগুলির লাভ বাড়বে। বিশেষ করে ইলন মাস্কের টেসলার বিক্রি আরও বাড়তে পারে। যদিও ট্রাম্প জানিয়েছেন, এই সিদ্ধান্তের পিছনে টেসলার কোনও ভূমিকা নেই এবং ইলন মাস্কও কর ছাড়ের জন্য কোনও অনুরোধ করেননি।
ট্রাম্পের এই ঘোষণার ফলে ভারতীয় গাড়ি সংস্থাগুলি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই শুল্ক নীতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতীয় গাড়ি সংস্থাগুলিকে নতুন কৌশল গ্রহণ করতে হবে। তবে পরবর্তী সময়ে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনে কিনা, সেটাই এখন দেখার বিষয়।