হাঁফ ছেড়ে বাঁচল Google-Meta! 1 এপ্রিল থেকেই দেশজুড়ে মুছে যেতে পারে ‘Google Tax’

অবশেষে গুগল (Google) ও মেটার (Meta)-র মতো বহুজাতিক সংস্থাগুলির স্বস্তি! চলতি বছর কেন্দ্রীয় বাজেটে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির উপর করছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে সমীকরণ শুল্কে (Equalisation Levy) ছাড় পেতে চলেছে বিদেশি সংস্থাগুলি। এতদিন পর্যন্ত গুগল ও মেটার মতো সংস্থার বিজ্ঞাপন পরিষেবার জন্য ৬% শুল্ক দিতে হত, যা প্রশাসনিক মহলে ‘গুগল ট্যাক্স’ নামে পরিচিত। তবে রয়টার্স জানিয়েছে, আগামী মাস থেকেই এই শুল্ক পুরোপুরি তুলে দিতে পারে কেন্দ্র।

কী এই ‘গুগল ট্যাক্স’ (Google Tax)?
২০১৬ সালে বিদেশি সংস্থাদের উপর কর বসানোর জন্য ভারত সরকার ‘গুগল ট্যাক্স’ চালু করে। মূলত, যে বহুজাতিক সংস্থাগুলোর ভারতে কোনও শারীরিক উপস্থিতি নেই, কিন্তু ভারতীয় বাজার থেকে বিপুল আয় করছে, তাদের উপরই এই কর বসানো হয়েছিল।

শুরুতে গুগল ও মেটার মতো সংস্থার বিজ্ঞাপনে ৬% শুল্ক ধার্য করা হয়। পরবর্তীতে, ২০২০ সালে আরও ২% শুল্ক যুক্ত করা হয়, তবে তা শুধুমাত্র ২ কোটির বেশি আয় করা ই-কমার্স কোম্পানির জন্য প্রযোজ্য ছিল।

প্রসঙ্গত, গত বছর আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ভারত সরকার ২% অতিরিক্ত কর তুলে নেয়। এবার নতুন বছরের শুরুতেই, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক নীতিতে সমঝোতার আবহেই ৬% ‘গুগল ট্যাক্স’ তুলে দিল কেন্দ্র।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইতিমধ্যেই চিন ও কানাডার মতো দেশগুলিকে ‘ট্যারিফ-যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছেন। তাই ভারতের উপর যেন কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, সে কারণেই আগে ভাগে শুল্ক কমিয়ে দিল কেন্দ্র।

এই সিদ্ধান্তের ফলে, গুগল ও মেটার মতো বহুজাতিক সংস্থাগুলি সরাসরি লাভবান হবে। একইসঙ্গে, ভারতের ডিজিটাল বিজ্ঞাপন ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।