“স্রোতে ভেসে এটি করে ফেলেছি…”- যৌন বিতর্কে পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময় রায়না

গত কয়েক মাস ধরে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নামের অনুষ্ঠানটি বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। এই অনুষ্ঠানের উপস্থাপক, স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না, এই বিতর্কের জেরে এখন আরও বেশি আলোচনায় রয়েছেন। সম্প্রতি তাঁকে দেখা গেল অনুষ্ঠানটি নিয়ে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি রেকর্ড করতে। তিনি ঠিক কী বললেন?

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ মূলত একটি কমেডি শো, যেখানে বিচারক, প্রতিযোগী এবং দর্শকরা সকলেই অনুষ্ঠানে চলা হাসির ঘটনা উপভোগ করতেন। কিন্তু একটি কমেডি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। বাবা-মায়ের যৌনতা নিয়ে করা একটি মন্তব্যের জেরে বিতর্ক এতটাই তীব্র হয় যে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বিতর্কের জেরে পুলিশ প্রতিযোগী, দর্শক থেকে শুরু করে বিচারক—সকলকে তলব করেছিল। এমনকি কিছুদিন আগে রণবীরকেও ডাকা হয়েছিল। এবার পুলিশের তলবে হাজির হলেন সময় রায়না। গত সোমবার, ২৪ মার্চ, তিনি নবি মুম্বইয়ের মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে বিবৃতি দেন। পুলিশের সামনে সময় পুরো ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

সময় বলেন, “আমি যা বলেছি, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। অনুষ্ঠানের মাঝে স্রোতে গা ভাসিয়ে আমি এটা করে ফেলেছি। যা বলেছি বা যা ঘটেছে, তা ইচ্ছাকৃত ছিল না। আমি বুঝতে পেরেছি যে আমার কথাগুলো ভুল ছিল। এই বিতর্ক মানুষের মনে এমন প্রভাব ফেলেছে যে আমার সাম্প্রতিক কানাডা সফর একেবারেই ভালো কাটেনি।”

এদিকে, এই বিতর্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট মেয়ের অসুস্থতা নিয়ে সময়ের ডার্ক কমেডি নেটিজেনদের মোটেও ভালো লাগেনি। সময়ের এই ক্ষমা প্রার্থনায় মানুষের ক্ষোভ কমবে কি না, তা শুধু সময়ই বলতে পারবে।