বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে বসার জায়গা পেলেন না শান্তনু, দাঁড়িয়েই ফিরতে হলো কলকাতায়!

বোর্ডিং পাস থাকার পরও বিমানে নিজের আসন পেলেন না তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে। বিমানের মধ্যেই লাইভ ভিডিও করে পুরো ঘটনার বিবরণ দেন তিনি।

শান্তনু সেনের অভিযোগ, তাঁর জন্য নির্ধারিত ১৫ডি নম্বর আসন দখল করেছেন অন্য একজন যাত্রী। আশ্চর্যের বিষয়, ওই ব্যক্তির বোর্ডিং পাসেও একই নম্বর লেখা ছিল! অর্থাৎ, একটি আসন দুজনকে বরাদ্দ করা হয়েছে। এই বিভ্রাট নিয়ে শান্তনু সরাসরি এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিরুদ্ধে তোপ দাগেন।

বিমানে দাঁড়িয়ে থাকা অবস্থায় লাইভ ভিডিও করেন শান্তনু সেন। ভিডিওতে দেখা যায়, তিনি নিজের নির্ধারিত আসনে বসতে পারেননি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,”দেখুন, এয়ার ইন্ডিয়া ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কী অবস্থা!”

প্রসঙ্গত, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড রয়েছেন শান্তনু সেন। তবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে তাঁকে দেখা গিয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।