বিয়ের দু’সপ্তাহের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী, ‘অনুরাগের টানেই’ কি এই সিদ্ধান্ত যুবতীর?

বিয়ের মাত্র দু’সপ্তাহের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়া জেলায়। চলতি মাসের ৫ তারিখে দিলীপ যাদবের সঙ্গে বিয়ে হয়েছিল প্রগতী যাদবের। কিন্তু, মাত্র পনেরো দিনের মধ্যেই নিজের স্বামীর প্রাণ নিলেন সেই স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বছর ধরে অনুরাগ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রগতীর। সেই সম্পর্কের কথা পরিবারের লোকজন জানত। কিন্তু মেয়ের প্রেম মেনে নিতে পারেনি পরিবার। তাই জোর করেই দিলীপের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়।

বিয়ের পরও অনুরাগকে ভুলতে পারেননি প্রগতী। একসময় প্রেমিকের সঙ্গে গোপনে দেখা করে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এরপর সুপারি কিলার ভাড়া করে দিলীপকে খুন করার ছক কষে।

গত বুধবার আউরিয়ার একটি পরিত্যক্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দিলীপকে উদ্ধার করে পুলিশ। তখনও তাঁর প্রাণ ছিল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অন্যত্র রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার মারা যান দিলীপ।

ঘটনার পর দিলীপের পরিবারের অভিযোগের ভিত্তিতে সাহার থানায় খুনের মামলা দায়ের হয়। তদন্তে নেমে প্রগতীর ষড়যন্ত্রের কথা জানতে পারে পুলিশ। ইতিমধ্যেই প্রগতী ও তার প্রেমিক অনুরাগকে গ্রেফতার করা হয়েছে।

এই নৃশংস ঘটনা ঘিরে উত্তরপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে।