কেন্দ্রীয় অর্থের সুদ নিয়ে রাজ্যের ‘খেলা’, সরকারকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা উপভোক্তাদের না দিয়ে বছরের পর বছর সুদ আদায় করছে রাজ্য সরকার। আর সেই সুদের অর্থ খরচ হচ্ছে খেলা, মেলা, উৎসব ও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের জন্য। বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু স্পষ্ট হুঁশিয়ারি দেন— ৩১ মার্চের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা না গেলে বিজেপি নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাবেন।
শুভেন্দুর দাবি, ২০২৩ সালের ১৮ অক্টোবর কেন্দ্র ১০ হাজার টাকা করে আশা কর্মীদের ফোন কেনার জন্য ১০১ কোটি টাকা বরাদ্দ করেছিল। অথচ, সেই অর্থ রাজ্য সরকার সরাসরি বিতরণ না করে সুদে খাটিয়েছে এবং বিভিন্ন প্রচারমূলক কাজে ব্যয় করেছে। যেখানে দেশের অন্যান্য রাজ্যের আশা কর্মীরা ২ বছর আগেই ট্যাব কেনার টাকা পেয়ে গিয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গে এখনও সেই অর্থ দেওয়া হয়নি।
শুধু তাই নয়, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে লাইভলিহুড মিশনের জন্য বরাদ্দ ৭০১ কোটি টাকাও আটকে রেখেছে রাজ্য সরকার। শুভেন্দুর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে এই টাকা আটকে রেখে নির্বাচনের ঠিক আগে তা বিতরণ করে মুখ্যমন্ত্রীর নাম প্রচার করতে চায়।
সরকারকে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,“আমি সরকারকে হুঁশিয়ার করছি— ৩১ মার্চের মধ্যে এই টাকা উপভোক্তাদের দিতে হবে। না হলে, ১ এপ্রিল দিল্লি গিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে গিয়ে দাবি করব, যাতে কেন্দ্রীয় সরকার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায়।”
রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুদের টাকা অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি যে চাপে ফেলতে চাইছে, তা স্পষ্ট। এখন দেখার, ৩১ মার্চের আগেই কি রাজ্য সরকার উপভোক্তাদের টাকা প্রদান করে, নাকি বিরোধীরা তাদের দাবিতে দিল্লির পথে হাঁটবে।