হার্ট অ্যাটাককে গ্যাসের ব্যথা ভেবে উড়িয়ে দিচ্ছিলেন তামিম, অবস্থা উদ্বেগজনক, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে

বাংলাদেশের তারকা ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা এখনও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নামার সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মহমেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ নিশ্চিত করেছেন যে তামিমের হৃদ্‌যন্ত্রে একটি ব্লক ধরা পড়েছে, এবং চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে।

গ্যাসের ব্যথা মনে করে উড়িয়ে দিয়েছিলেন তামিম

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচের আগে টসের সময় থেকেই তামিম বুকে অস্বস্তি অনুভব করছিলেন। ওয়ার্ম-আপের সময়ও তাঁর ব্যথা অনুভূত হয়। ড্রেসিংরুমে ফিরে এলে ব্যথা আরও বেড়ে যায়। তবে প্রথমে তিনি এটিকে গুরুত্ব দেননি। তামিম বলেছিলেন, “আমার মনে হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে।” কিন্তু কিছুক্ষণ পর মহমেডানের কর্মকর্তা তারিকুল ইসলামকে তিনি জানান, তাঁর শরীর খারাপ লাগছে এবং ব্যথা মুখের বাঁদিকে উঠে আসছে।

তামিমের মুখ থেকে ফেনা, জ্ঞান হারানোর ঘটনা

এরপর তামিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহমেডান দল তাঁকে ছাড়াই মাঠে নামে। হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চললেও, তার আগেই তামিম জ্ঞান হারান। ম্যাচ রেফারি দেব্রত পাল জানান, “তামিমের মুখ থেকে ফেনা বের হচ্ছিল, পালস পাওয়া যাচ্ছিল না।” এই আকস্মিক পরিস্থিতিতে কী করা উচিত, তা কেউই তখন বুঝে উঠতে পারছিলেন না। হাসপাতালে পৌঁছানোর পর তামিমকে প্রথমে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে তাঁর অ্যানজিওগ্রাম ও অ্যানজিওপ্লাস্টি করা হয়। অ্যানজিওগ্রামে হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়লে তৎক্ষণাৎ স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকের আপডেট: জ্ঞান ফিরেছে, তবে পর্যবেক্ষণে থাকবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, “তামিমের জ্ঞান ফিরেছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে তাঁকে আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।” চিকিৎসকরা জানিয়েছেন, স্টেন্ট বসানোর প্রক্রিয়া সফল হলেও তাঁর অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয়।

তামিমের অবস্থায় শঙ্কিত ক্রিকেটাঙ্গন

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই মৌসুমে তিনি ৭ ম্যাচে ৩৬৮ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি শতরান। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিসিবি একটি নির্ধারিত বোর্ড সভা বাতিল করে তামিমের স্বাস্থ্যের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

তামিমের দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা প্রার্থনা জানাচ্ছেন। আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য গুরুত্বপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।