মনামী ঘোষের প্লাস্টিক ড্রেসে ‘মাছ’ নিয়ে ইভেন্টে হাজির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

সম্প্রতি এক ইভেন্টে অভিনেত্রী মনামী ঘোষ এসে সকলের নজর কাড়লেন তাঁর অভিনব পোশাক ও অদ্ভুত ব্যাগ নিয়ে। যেখানে একদিকে তাঁর প্লাস্টিকের তৈরি ড্রেস ছিল, অন্যদিকে হাতে ছিল একটি গ্লাস ব্যাগে রাখা মাছ। সেই মাছ দেখে উত্তেজিত হয়ে ওঠেন অভিনেত্রী জয়া আহসান, আর মনামীর কাছে এসে অনেকেই মাছটি দেখছিলেন। তবে প্রশ্ন উঠেছে, কেন মাছ নিয়ে অনুষ্ঠানটির মতো গ্ল্যামারাস ইভেন্টে হাজির হলেন মনামী?
মনামী TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি রিসাইকেল করা প্লাস্টিকের পোশাক পরেছিলাম এবং সঙ্গে একটি মাছ নিয়ে এসেছিলাম। আমাদের চারপাশে অনেক সময় জলাশয়ের কাছে প্লাস্টিকের বোতল, বাটি বা অন্য সামগ্রী ফেলে দেওয়া হয়, যার ফলে জলজ প্রাণীদের জীবনে বিপর্যয় আসে। আমি এসব দেখে উদ্বিগ্ন ছিলাম। এই সময়ই আমার মনে হলো, আমার রাশিরও যোগ রয়েছে জল সঙ্গে, তাই আমি প্লাস্টিকের পোশাক পরার সঙ্গে মাছ নিয়ে আসার মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছিলাম।”
তিনি আরও জানান, “আমরা যে কতটা দায়িত্বশীলভাবে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করি, সেই সচেতনতা গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। গ্লাস ব্যাগে মাছ রাখতে চেয়েছিলাম, যাতে মানুষদের দেখাতে পারি, জলজ প্রাণীদের সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব।”
মনামী বলেন, এই ধরনের গ্লাস ব্যাগ পশ্চিমী দেশে জনপ্রিয়। যদিও তার টিমের সদস্যদের সাহায্যে এই ব্যাগটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল, কারণ সঠিক সময়ে তিনি ব্যাগটি সংগ্রহ করতে পারেননি। তবে, অনুষ্ঠান শেষে সেই মাছ আবার অ্যাকোয়ারিয়ামে ফিরে গিয়েছে এবং সুস্থ রয়েছে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় মনামীর এ অভিনব লুক ও মাছ নিয়ে আসার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তার এই অভিনব প্রচেষ্টা পরিবেশ সচেতনতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকেই তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন।