ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম? লাল আবিরে রাঙিয়ে বিজয় মিছিল নদিয়ার মহিলাদের

বিধানসভায় তাদের কোনও প্রতিনিধি নেই। রাজ্য থেকে লোকসভাতেও একটি আসনও জিততে পারেনি। এমনকি জেলার বিভিন্ন সমবায় নির্বাচনেও বেশিরভাগ ক্ষেত্রে তারা কোনও উল্লেখযো� usesোগ্য সাফল্য দেখাতে পারছে না। এমন পরিস্থিতিতে নদিয়ার তেহট্টে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে জয় ছিনিয়ে নিল সিপিএম।
রবিবার তেহট্টের নাটনা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে কোনও অশান্তি না ছড়ায়, সেজন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করেছিল। এই গোষ্ঠীতে মোট ১৫টি আসন রয়েছে। এদিন সিপিএমের প্রার্থীরা ১১টি আসনে জয়লাভ করেন। তৃণমূল পায় ৩টি আসন, আর বিজেপির একজন প্রার্থী জিতেছেন। ফল ঘোষণার পরই সিপিএম সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। লাল আবির মেখে উৎসব শুরু করেন এবং বিজয় মিছিলও বের করেন।
এই জয় নিয়ে সিপিএমের তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা বুঝে গেছেন যে তৃণমূল জিতলে রাজ্যে যেমন কাটমানি আর দুর্নীতির রাজনীতি চলে, এখানেও তাই হবে। তাতে গোষ্ঠীর কাজ ব্যাহত হবে। তাই তাঁরা তৃণমূলকে নাকচ করেছেন।”
তিনি আরও যোগ করেন, “এলাকার মানুষকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। কাউকে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কাউকে পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবুও মহিলারা বামপন্থীদের পাশে দাঁড়িয়েছেন।”