SPORTS: “মাঠেই হঠাত্‍ বুকে ব্যথা শুরু..!”- বাংলাদেশি তারকা ক্রিকেটার রয়েছেন লাইফ সাপোর্টে

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সোমবার সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। বর্তমানে তাঁকে সাভারের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটে বিকেএসপিতে, যেখানে তামিম ঢাকা মহামেডানের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন। খেলার আগে টস সম্পন্ন হয়, এবং টসে হেরে তামিমের দল ফিল্ডিংয়ের জন্য মাঠে নামে। কিন্তু টসের পরপরই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিক্যাল বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে তামিমকে হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছিল। এমনকি হেলিকপ্টারও প্রস্তুত করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে তিনি আবারও কোলাপস করেন, ফলে তাঁকে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।

মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু সংবাদমাধ্যমকে জানান, “তামিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডাক্তাররা কোনও নিশ্চয়তা দিতে পারছেন না। তাঁরা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।” বিসিবি ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, “তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন। বুকে ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে তাঁকে এভারকেয়ারে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে তোলার আগে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এ কারণে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।”

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার। তিনি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

এই মুহূর্তে তামিমের স্বাস্থ্যের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সবাই। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের চেষ্টা করছেন।