জল থেকে উঠলেই শরীরে আগুন! অদ্ভূত রোগ লুকিয়ে কোন রহস্যে? আম্বানির সাহায্যে শুরু চিকিৎসা

জলের মধ্যেই কাটে দিনরাত। জল থেকে বাইরে পা দিলেই নাকি শরীরে শুরু হয় তীব্র জ্বালাপোড়া। আর এই অদ্ভুত ও অজানা অসুখে ভোগা মুর্শিদাবাদের কিশোর ইকবালের পাশে দাঁড়ালেন শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। তাঁরই হস্তক্ষেপে গরিব পরিবারের এই কিশোরকে বর্তমানে মুম্বইয়ের নামী হাসপাতালে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইকবালের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় পুকুরের জলে বসেই খাবার খাচ্ছে সে। আর এই দৃশ্য প্রকাশ্যে আসতেই তা নজর কাড়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির। এরপরই তাঁর উদ্যোগে পশ্চিমবঙ্গ থেকে বিমানে করে ইকবালকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রয়েছে।

পরিবারের দাবি, দিনের পর দিন পুকুরের জলে ডুবে থাকা ছাড়া ইকবালের অন্য কোনো উপায় ছিল না। জল থেকে তুললেই সে তীব্র যন্ত্রণা অনুভব করত। এমনকি কোনো অতিপ্রাকৃত শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেছিল ওই কিশোর। দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা অসম্ভব ছিল, ফলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূলত সহায়তার আবেদন পৌঁছেছিল আম্বানি পরিবারের কাছে।

এদিকে চিকিৎসকরা জানাচ্ছেন, দীর্ঘ সময় ধরে এভাবে জলে ভিজে থাকা শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। এর ফলে ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। এখন মুম্বইয়ের চিকিৎসকরা নিখুঁত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইকবালের এই অদ্ভুত শারীরিক সমস্যার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *