“….মাতাল আমি খাঁটি”- হাতে মদের বোতল নিয়ে কীর্তন ইউটিউবারের! থানায় করা হলো অভিযোগ

সামাজিক মাধ্যমে ভাইরাল এক বিতর্কিত মিউজিক ভিডিও ঘিরে উত্তেজনা জলপাইগুড়িতে। হাতে মদের বোতল নিয়ে বিকৃত অঙ্গভঙ্গি করে কীর্তন অঙ্গের একটি গানের ভিডিও বানিয়েছেন এক ইউটিউবার। গানেও তিনি গেয়েছেন, “গোঁসাই আমি মিথ্যে হলেও মাতাল আমি খাঁটি।” এই ভিডিওকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলেই মনে করছে হিন্দু জাগরণ মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তাঁরা দাবি জানিয়েছেন, দ্রুত ওই ভিডিও ডিলিট করতে হবে এবং অভিযুক্ত ইউটিউবারকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
সংগঠনের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা মনোজ দত্ত বলেন, “সামাজিক মাধ্যমে দেখলাম, জয়ন্ত রায় নামে এক যুবক কীর্তনের আবহ তৈরি করে হাতে জপমালা নিয়ে অপসংস্কৃতির ভিডিও বানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সে মদ্যপান করছে, মহিলাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এটি হিন্দু সংস্কৃতির চরম অপমান। প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আজকেই ভিডিওটি নজরে এসেছে।”
এই ঘটনার পর জলপাইগুড়ির একাংশে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।