“প্ল্যান ছিল জেল থেকে বের করে খুন করিয়ে আবার জেলে ঢুকিয়ে দেওয়া”- বিস্ফোরক অধীর

বারুইপুরের সাম্প্রতিক ঘটনার পর এবার পুলিশের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুরের প্রাক্তন সাংসদ অভিযোগ তুলেছেন, তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং এর পিছনে ছিলেন জেলার এক পুলিশ সুপার!

শুক্রবার সাংবাদিকদের সামনে অধীর চৌধুরী বলেন, “আমাকে হত্যা করার জন্য এক পুলিশ সুপার জেলের এক আসামিকে সুপারি দিয়েছিল। জেলের ভেতরে জিজ্ঞাসাবাদের নামে তাকে চাপে রাখা হতো। সেই ব্যক্তি এখন তৃণমূলের হয়ে কাজ করছে। পরিকল্পনা ছিল, জেল থেকে তাকে বার করে খুন করিয়ে আবার জেলে ঢুকিয়ে দেওয়া।” যদিও তিনি অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম প্রকাশ করেননি, তবে জোর দিয়ে বলেন, “এটি কোনও ফাঁকা আওয়াজ নয়, বাস্তব ঘটনা।”

এই অভিযোগকে ভয়ঙ্কর বলেই মনে করছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “এভাবে যদি জেল থেকে বের করে খুন করানোর পর ফের অপরাধীকে নিরাপত্তা দিতে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। মুখ্যমন্ত্রীর অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।”

তবে তৃণমূল এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, “উনি তো হেরে গেছেন, ওঁকে কে মারবে!”