“এবারের রামনবমীর মিছিল আরও বড় হবে…”-শুভেন্দুর হুঁশিয়ারি, কলকাতার CP বললেন, ‘তৈরি আছি’

রামনবমী উপলক্ষে এবার আরও বৃহৎ আকারে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবারের মিছিলে এক কোটি হিন্দু রাস্তায় নামবেন। একই সঙ্গে, তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন, যাতে কোনো বাধা সৃষ্টি না করা হয়। তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতি মোকাবিলার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, এবারের মিছিল আগের চেয়ে আরও বড় হবে, যা কোনো প্রশাসন বা রাজনৈতিক দল আটকাতে পারবে না। শুভেন্দু আরও বলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য তিনি দিলীপ ঘোষের সঙ্গে যৌথভাবে প্রচারে নামবেন।

তিনি শাসক দলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ এনে বলেন, “১০০ দিনের কাজের টাকার দাবিতে ২০২৩ সালে রেড রোডে মুখ্যমন্ত্রী নিজেই ধর্নায় বসেছিলেন। অথচ রামনবমীর আগের দিন তিনি মঞ্চ থেকে বলেছিলেন, আরএসএস, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ অশান্তি সৃষ্টি করবে। তিনি বলেছিলেন, হনুমানরা কাল রাস্তায় নামবে। আমরা হনুমানকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি আসলে হিন্দুদের ব্যঙ্গ করেছিলেন।”

শুভেন্দু অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, যেন রামনবমীর মিছিল মুসলিম এলাকা দিয়ে না যায়। আমরা এবারও আশঙ্কা করছি, আগের মতোই রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে যে প্রোফর্মা পাঠানো হয়েছে, তা কেউ পূরণ করবেন না। কারণ এতে শুধুমাত্র হিন্দুদের তথ্য চাওয়া হয়েছে, অন্য সম্প্রদায়ের বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। মুখ্যমন্ত্রী, রাজীব কুমার ও মনোজ ভার্মা যেন মনে রাখেন, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির কোনো উদ্দেশ্য নেই।”

এদিকে, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, “রামনবমী নিয়ে এখনো সময় আছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”