ভূতুড়ে ভোটার! ২৬-এর ভোটের আগেই ভোটার কার্ড নিয়ে বড় পদক্ষেপ EC-র

ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার সরানোর উদ্যোগে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এই বৈঠকের নেতৃত্বে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব।

বিরোধীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে প্রতিটি ভোটারের জন্য ‘ইউনিক এপিক নম্বর’ ইস্যু করা হবে। তবে এই পুরো প্রক্রিয়ায় আধারের উপরই ভরসা করছে কমিশন, ফলে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের দিকেই এগোতে পারে তারা।

এই বৈঠকে UIDAI-এর সচিবকেও ডাকা হয়েছে, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আধারের মাধ্যমে ভোটার পরিচয় যাচাই করার প্রক্রিয়া ত্বরান্বিত করা হতে পারে।

তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি দাবি করেছে, আধার কার্ড ক্লোন করে ‘ডুপ্লিকেট’ ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। তৃণমূল তাদের মেমোরেন্ডামের ৫ নম্বর পাতায় এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে। তবে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক হলে এই সমস্যার সমাধান হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকের পর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হয়ে যাবে। আধারের মাধ্যমে ভোটার শনাক্তকরণ কি সত্যিই ভূতুড়ে ভোটারদের সমস্যা মেটাতে পারবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে—সেটাই এখন দেখার বিষয়।