“আমি যোগ্য…”- IPL-এ ১৮ কোটি টাকা পেয়ে বড় দাবি করলেন যুজবেন্দ্র চাহাল

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শুরু হতে চলেছে ২০২৫ সালের আইপিএল। এবারের নিলামে বড়সড় চমক দিয়েছেন পঞ্জাব কিংস। বিশাল ১৮ কোটি টাকায় দলে নিয়েছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে। তবে চাহালের বর্তমান ফর্ম ও জাতীয় দলের বাইরে থাকার কারণে অনেকেই মনে করছেন, পঞ্জাব কিংস হয়তো বড় ভুল করে ফেলেছে।
যদিও এই বিপুল দাম নিয়ে চাহাল নিজে কিন্তু আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, “প্রথমে আমিও ভাবছিলাম, আমি কি সত্যিই এই দামের যোগ্য? কিন্তু নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে গেছি। আমি যোগ্য।”

চাহালের মতে, তাঁর বোলিং ভ্যারিয়েশনই তাঁর শক্তি। “আমার হাতে চার রকমের ভ্যারিয়েশন আছে। লেগ স্পিন, দু’ধরনের গুগলি এবং ফ্লিপার। পরিস্থিতির ওপর নির্ভর করেই আমি সিদ্ধান্ত নিই, উইকেট নেওয়া দরকার নাকি রান আটকানো।”
আইপিএলে সবচেয়ে কঠিন ব্যাটার কারা? এই প্রশ্নের উত্তরে চাহাল বলেন, “নিকোলাস পুরান এবং হেনরিখ ক্লাসেন। ওদের এত শক্তি যে ব্যাটের কানায় লেগেও বল ছয় হয়ে যায়। আমি ওদের বিরুদ্ধে অনেক ছয় খেয়েছি, তবে উইকেটও নিয়েছি।”

চাহালের আরও বক্তব্য, “আমি যখন বোলিং করি, তখন ব্যাটারের নাম দেখি না। ব্যাটারকে বেশি সম্মান দিলে নিজের ওপরই চাপ তৈরি হয়। আমি মাথা খাটিয়েই বল করি এবং সেটাই আমার মূল ফোকাস।”
যুজবেন্দ্র চাহাল বর্তমানে ভারতের কোনও ফরম্যাটের দলে সুযোগ পাচ্ছেন না। তাই ১৮ কোটি টাকায় তাঁকে কেনায় সমালোচনার মুখে পড়েছে পঞ্জাব কিংস। তবে চাহাল নিজে আত্মবিশ্বাসী এবং প্রমাণ করতে চান যে তিনি এখনও সেরা।

এবারের আইপিএলেই বোঝা যাবে, পঞ্জাব কিংস চাহালের ওপর বাজি রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি বড় ভুল।

Saheli Saha
  • Saheli Saha