“সমস্যা হল সহনশীলতার…”- যুব সমাজকে বড় পরামর্শ নরেন্দ্র মোদীর

জীবনে চ্যালেঞ্জ আসবেই। কিন্তু সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার মূল মন্ত্র হল ধৈর্য। যুবসমাজের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের শো-তে মোদী বলেন, “জীবনে কোনও শর্টকাট নেই। সংকটকে সুযোগ হিসেবে গ্রহণ করাই প্রকৃত সফলতার পথ।”
প্রধানমন্ত্রীর কথায়, “যাঁরা জীবনের উদ্দেশ্য খুঁজছেন, তাঁদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে এই পৃথিবীতে কোনও নির্দিষ্ট কারণে এসেছি। আমাদের মধ্যে যে শক্তি রয়েছে, সেটি আমাদের পথ দেখাবে।”
মোদী আরও বলেন, “আমি কখনও একা অনুভব করি না। আমি ১+১ তত্ত্বে বিশ্বাস করি। একজন মোদী। আর অন্যজন ঈশ্বর। আমি কখনই একা থাকি না, কারণ ঈশ্বর সবসময় আমার সঙ্গে রয়েছে।” এরপরই মোদী বলেন, তাঁর সঙ্গে ঈশ্বর ও ১৪০ কোটি ভারতীয় রয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “সমস্যা হল সহনশীলতার পরীক্ষা। আমাকে পরাজিত করার জন্য নয়। কষ্ট আমাকে আরও কঠিন করে তোলে।” শেখা কখনও বন্ধ করা উচিত নয় বলেও যুব সমাজকে বার্তা দেন মোদী।