ট্রাম্পের সঙ্গে এত ভাল বন্ধুত্ব? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়ে প্রশংসা মোদির

দুই দেশের রাষ্ট্রপ্রধান, নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প, পরস্পরকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। তাঁদের ব্যক্তিগত সুসম্পর্ক সর্বজনবিদিত। সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট শোতে ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মোদী। তিনি ২০১৯ সালের হাউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ অনুষ্ঠানের কথাও উল্লেখ করেন।
ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর ‘আমেরিকা প্রথম’ নীতি গ্রহণ করেন। মোদী বলেন, “ট্রাম্প ‘আমেরিকা প্রথম’ নীতিতে বিশ্বাস করেন, যেমন আমি ‘ভারত প্রথম’ নীতিতে বিশ্বাস করি।” তাঁদের একই ধরনের ভাবনাচিন্তা তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছে।
২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের উপর হামলা হয়েছিল। সেই সময় ট্রাম্পের কানের পাতা ছিঁড়ে রক্ত বেরোয়। তবুও তিনি হাত উঁচিয়ে নিজের মনোবল প্রদর্শন করেন, যা দেখে অভিভূত হন মোদী।
২০১৯ সালে হাউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্প ও মোদী একসঙ্গে বক্তব্য রেখেছিলেন। মোদী বলেন, “স্টেডিয়াম ভর্তি ছিল, যা রাজনৈতিক সভার ক্ষেত্রে বিরল। ট্রাম্প আমার সঙ্গে দর্শকদের অভিবাদন জানাতে রাজি হন, যা আমার হৃদয় ছুঁয়ে যায়।”