অযোধ্যার রাম মন্দির এত টাকা কর দিল, যা গুনতে গুনতেই বছর কাবার হয়ে যাবে! জানেন কত?

ভক্তদের আস্থার কেন্দ্রবিন্দু এখন অযোধ্যার রাম মন্দির। ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড় লেগেই রয়েছে। বড় বড় উৎসবে পুণ্যার্থীদের ঢল নামে। তবে মন্দির তৈরি হওয়ার আগেও বহু মানুষ রামলালার দর্শনে গিয়েছেন। এবার সরকারকে বিপুল কর দিয়ে নজির গড়ল রাম মন্দির।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রাই জানিয়েছেন, ধর্মীয় পর্যটনের উত্থানের কারণে বিগত ৫ বছরে ট্রাস্ট প্রায় ৪০০ কোটি টাকা কর দিয়েছে। এই অর্থ ৫ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে প্রদান করা হয়েছে।

এই ৪০০ কোটির মধ্যে ২৭০ কোটি টাকা জিএসটি এবং বাকি ১৩০ কোটি টাকা অন্যান্য কর হিসাবে দেওয়া হয়েছে।

চম্পত রাই বলেন, “অযোধ্যায় ভক্ত ও পর্যটকদের সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে, যা এটিকে প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। মহাকুম্ভের সময় ১.২৬ কোটি ভক্ত অযোধ্যায় এসেছিলেন।”

অন্য তীর্থস্থানগুলির আয়ের প্রসঙ্গেও নজরকাড়া তথ্য উঠে এসেছে। জম্মুর বৈষ্ণোদেবী মন্দির ২০২৩-২৪ অর্থবর্ষে ৬৮৩ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে ২৫৫ কোটি এসেছে প্রণামী থেকে, যা করমুক্ত। তিরুপতি তিরমালা মন্দিরের রাজস্ব ৪,৮০০ কোটি টাকা, যার এক-তৃতীয়াংশ এসেছে হুন্ডি সংগ্রহ থেকে। গত পাঁচ বছরে প্রায় ১৩০ কোটি টাকা জিএসটি দিয়েছে তারা।

ভারতের বৃহত্তম মন্দির ট্রাস্টগুলির আয় গত সাত বছরে দ্বিগুণ হয়েছে। তিরুপতি ট্রাস্টের ২০১৭ অর্থবছরের বাজেট ছিল ২,৬৭৮ কোটি টাকা, যা ২০২৫ অর্থবছরে বেড়ে হয়েছে ৫,১৪৫ কোটি টাকা। বৈষ্ণোদেবী ট্রাস্টের আয় ২০১৭ অর্থবছরে ৩৮০ কোটি থেকে ২০২৪ অর্থবছরে ৬৮৩ কোটি টাকা হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha